,

আমার মাথার ওপর দিয়ে হেলিকপ্টার থেকে গুলি ছোড়া হয়েছিল: উপদেষ্টা শারমীন

পথে প্রান্তরে ডিজিটাল ডেস্ক:

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি তুলে ধরে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস. মুরশিদ বলেন, “২০২৪ সালের জুলাই যুদ্ধে আমি নিজেও অংশ নিয়েছিলাম। ১৮ জুলাই যখন আমি রাস্তায় ছিলাম, তখন আমার মাথার ওপর দিয়ে হেলিকপ্টার থেকে গুলি ছোড়া হয়। পুলিশের ছোড়া একটি গুলি একজন ছাত্রের গায়ে লাগে, তখন আমি তার কাছে দৌড়ে যাই। আমার গায়েও গুলি লাগতে পারত, কিন্তু আমি অলৌকিকভাবে বেঁচে যাই।”

তিনি বলেন, “আমরা আর রক্ত দিতে চাই না। এবার আমরা দেশ গড়ব জ্ঞান, যুক্তি আর মেধার শক্তিতে।”

শারমীন মুরশিদ আরও বলেন, “আমাদের প্রধান দায়িত্ব হলো অন্যায়ের ওপর প্রতিষ্ঠিত সমাজ কাঠামো ভেঙে নতুন সমাজ গড়ে তোলা। আমরা যে ভঙ্গুর কাঠামো পেয়েছি, তা অনেক জটিল। গত ১৬ বছরের অপশাসন রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে, সেটাকে এক বছরের লড়াইয়ে ভাঙা সম্ভব নয়।”

তিনি ছাত্রদের উদ্দেশে বলেন, “তোমরা কোটা নয়, মেধার আন্দোলনের জন্য রাস্তায় নেমেছিলে। তাহলে এখন আর রক্ত দিতে হবে কেন? মেধার যোগ্যতা দিয়ে দেশ গড়ো — সেটাই ভবিষ্যতের পথ।”

শনিবার (২ আগষ্ট) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘ওয়ারিয়র্স অব জুলাই’ আয়োজিত ‘স্যালুট টু জুলাই ওয়ারিয়র্স’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ারিয়র্সের কেন্দ্রীয় সদস্য সচিব মোহাম্মদ সালমান হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সাইদুর রহমান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব সাঈদুর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান, এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, ঢাকা মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুলাই যুদ্ধে শহিদ ও আহতদের পরিবার এবং সাহসী জুলাই যোদ্ধারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ