(ফাইল ছবি)
পথে প্রান্তরে ডিজিটাল ডেস্ক:
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আগামী ৫ বা ৮ আগস্টের মধ্যে জাতির উদ্দেশে টেলিভিশনে ভাষণ দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি ঘোষণা করতে পারেন।
সরকারের একাধিক সূত্র জানিয়েছে, ভাষণের নির্ধারিত তারিখ ও সময় এখনো চূড়ান্ত হয়নি। তবে ৫ ও ৮ আগস্ট—এই দুটি গুরুত্বপূর্ণ তারিখের যেকোনো একটিকে সামনে রেখেই ভাষণ প্রচারের প্রস্তুতি চলছে। ৫ আগস্ট হচ্ছে সেই ঐতিহাসিক দিন, যেদিন ছাত্র-জনতার গণআন্দোলনে শেখ হাসিনার সরকারের পতন ঘটে। অপরদিকে, ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ড. ইউনূসের নেতৃত্বে।
সরকারি এক কর্মকর্তা জানান, প্রধান উপদেষ্টা ৮ আগস্টের পরিবর্তে ৫ আগস্টকে বেশি গুরুত্ব দিচ্ছেন। ফলে ভাষণ সেদিনই দেওয়ার সম্ভাবনা বেশি। এদিকে, সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই জানানো হয়েছে যে, ৫ আগস্ট বিকেল ৫টায় ‘জুলাই ঘোষণাপত্র’ জনসমক্ষে প্রকাশ করা হবে।
প্রধান উপদেষ্টা নির্বাচনের সময়সূচি ঘোষণার পর নির্বাচন কমিশনকে তফসিল ঘোষণা করতে অনুরোধ জানাবেন বলেও জানা গেছে।
এর আগে, গত ২৬ জুলাই রাজনৈতিক দলগুলোর সঙ্গে এক বৈঠকে ড. ইউনূস জানিয়েছিলেন, খুব শিগগিরই নির্বাচনের নির্দিষ্ট সময় জানানো হবে। বৈঠক শেষে জাতীয় পার্টি (কাজী জাফর) চেয়ারম্যান এবং ১২ দলীয় জোটের নেতা মোস্তফা জামাল হায়দার সাংবাদিকদের বলেন, “প্রধান উপদেষ্টা খুব স্পষ্টভাবে বলেছেন, আগামী চার-পাঁচ দিনের মধ্যেই তিনি নির্বাচনের নির্দিষ্ট দিনক্ষণ জানাবেন।”
এছাড়া, গত ৯ জুলাই আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে ড. ইউনূস জানান, ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের প্রস্তুতি শেষ করতে হবে এবং সম্ভাব্য সময় হতে পারে ফেব্রুয়ারি অথবা এপ্রিল।
আরও আগে, গত ১৩ জুন লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে এক অনানুষ্ঠানিক বৈঠকে তিনি বলেছিলেন, নির্বাচন ২০২৬ সালের রমজানের আগেই অনুষ্ঠিত হবে। ফলে ফেব্রুয়ারির প্রথমার্ধেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়ার সম্ভাবনাই বেশি।








