স্টাফ রিপোর্টার, পার্বত্যাঞ্চল:
থেমে থেমে ভারী বৃষ্টিপাতের কারণে রাঙামাটির চট্টগ্রাম ও বাঘাইছড়ি–দিঘিনালা সড়কের বিভিন্ন স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এসব ঝুঁকিপূর্ণ স্থানে সতর্কতার অংশ হিসেবে লাল পতাকা টাঙিয়ে দিয়ে যানবাহন চলাচল সীমিতভাবে চালু রাখা হয়েছে।
রবিবার সকাল থেকে বাঘাইছড়ি উপজেলার একমাত্র আন্তঃজেলা সড়ক মারিশ্যা–দিঘিনালার তিনটি স্থানে পাহাড় ধসে পড়লে পুরো সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সড়ক বিভাগ ছয় ঘণ্টা চেষ্টা চালিয়ে সড়কটি পুনরায় যান চলাচলের উপযোগী করে তোলে।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার বিষয়টি নিশ্চিত করে জানান, পাহাড় ধসের কারণে সাময়িকভাবে সড়কটি বন্ধ ছিল। তিনি পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন।
তিনি আরও জানান, টানা ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের ফলে বাঘাইছড়ি উপজেলার বেশ কয়েকটি নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
রবিবার দিবাগত রাতে ভারী বৃষ্টির পর ভোরে সড়কের ৯, ১০ ও ১৪ কিলোমিটার এলাকায় একাধিক জায়গায় পাহাড় ধসে পড়ে। এতে চট্টগ্রামগামী বাসসহ ছোট-বড় বহু যানবাহন আটকে পড়ে। পরে দুপুর ১টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।








