তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের আলীনগর সীমান্ত দিয়ে ভুলবশত ভারতের ত্রিপুরা রাজ্যে প্রবেশ করে ছবি তোলার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর হাতে আটক হয় দুই কিশোর। বিষয়টি জানাজানি হলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিএসএফ-এর সঙ্গে যোগাযোগ করে তাদের ফেরত চায়। পরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সমঝোতার মাধ্যমে কিশোরদের ফিরিয়ে আনা হয়।
ঘটনাটি ঘটে গতকাল শনিবার বিকেলে। আটক দুই কিশোর হলো—উপজেলার কর্মধা ইউনিয়নের কালিটি চা-বাগানের শ্রমিক সঞ্জয় শীলের ছেলে সুবর্ণ শীল (১৬) এবং রামানু নাইডুর ছেলে শুভ্র নাইডু (১৭)।
বিজিবি সূত্রে জানা যায়, আলীনগর সীমান্ত বিজিবির ৪৬ ব্যাটালিয়নের আওতাধীন। ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া জানান, শনিবার বিকেলে সুবর্ণ ও শুভ্র মোটরসাইকেলে করে আলীনগর সীমান্ত এলাকায় বেড়াতে যায়। একপর্যায়ে তারা ১৮৪৫ নম্বর সীমান্ত খুঁটি অতিক্রম করে ভারতের ভেতরে ঢুকে পড়ে এবং সেখানে ছবি তুলছিল। এ সময় বিএসএফের একটি টহল দল তাদের আটক করে নিজ ক্যাম্পে নিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে কিশোরদের স্বজনেরা বিজিবি সদস্যদের জানান। বিজিবি পরে বিএসএফ-এর ১৯৯ ব্যাটালিয়নের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে তাদের অবস্থান নিশ্চিত করে এবং কিশোরদের ফেরত দেওয়ার অনুরোধ জানায়।
পরে রাত ১০টা ৪৫ মিনিটের দিকে কুলাউড়ার শরীফপুর ইউনিয়নের চাতলাপুর অভিবাসন তদন্তকেন্দ্র (আইসিপি) দিয়ে বিএসএফ দুই কিশোরকে বিজিবির কাছে হস্তান্তর করে। হস্তান্তরের সময় কিশোরদের স্বজনেরাও উপস্থিত ছিলেন।
বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাকারিয়া বলেন, “কিশোররা আমাদের জানিয়েছে, তারা ভুল করে সীমান্ত অতিক্রম করে ভারতের ভেতরে চলে গিয়েছিল। বিএসএফ তাদের সঙ্গে কোনো ধরনের দুর্ব্যবহার করেনি।”
পরে বিজিবি কিশোরদের কুলাউড়া থানার পুলিশের কাছে সোপর্দ করে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক জানান, “ভারতে অনুপ্রবেশের ঘটনায় দুই কিশোরের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের আদালতে পাঠানো হবে।”








