ব্যুরো চিফ, বরিশাল:
রাজধানীর রমনায় সুপ্রিম কোর্ট এলাকায় বৈধ অস্ত্রসহ প্রবেশের সময় দুই ব্যক্তিকে আটক করেছে স্পেশাল ব্রাঞ্চের টেকনিক্যাল ফোর্স।
রবিবার (৩ আগস্ট) সকালে ও দুপুরে পৃথকভাবে তাদের আটক করা হয়। আটক দুজনের কাছেই নবায়নকৃত অস্ত্রের বৈধ লাইসেন্স ছিল।
আটক ব্যক্তিদের একজন হচ্ছেন রাজধানীর সূত্রাপুরের রূপচাঁন লেনের প্রেস ব্যবসায়ী মোল্লা মোসলেহ এলাহী (৫৭)। সকাল ১০টার দিকে তাকে আটক করা হয়। পরে ডিএমপির সুপ্রিম কোর্ট ইউনিট থেকে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।
অপরজন হলেন বিএনপির বরিশাল মহানগর শাখার সাধারণ সম্পাদক মো. জিয়াউদ্দিন শিকদার (৫৮)। তাকে দুপুর দেড়টার দিকে আটক করা হয়। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত তিনি মুক্তি পাননি।
জানা গেছে, মো. জিয়াউদ্দিন শিকদার ছাত্রদলের একটি সমাবেশে অংশ নিতে ঢাকায় আসেন এবং সুপ্রিম কোর্টের একজন বেঞ্চ কর্মকর্তার সঙ্গে দেখা করতে কোর্ট প্রাঙ্গণে প্রবেশ করেন। অন্যদিকে মোল্লা মোসলেহ এলাহী এক আত্মীয়ের জামিন সংক্রান্ত বিষয়ে কোর্টে এসেছিলেন।
পুলিশ জানিয়েছে, আটক দুই ব্যক্তি স্বীকার করেছেন যে, তারা জানতেন না সুপ্রিম কোর্ট এলাকায় বৈধ বা অবৈধ—কোনো অস্ত্র বহন নিষিদ্ধ।








