,

বঙ্গোপসাগরে অবৈধ প্রবেশ: ট্রলারসহ ১৪ ভারতীয় জেলে আটক

দিব্যতনু দাস, বাগেরহাট প্রতিনিধি:

বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে প্রবেশ করে মাছ শিকারের দায়ে বঙ্গোপসাগর থেকে একটি ভারতীয় ফিশিং ট্রলারসহ ১৪ জন জেলেকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। শনিবার (২ আগস্ট) রাতে সুন্দরবনসংলগ্ন গভীর সাগর এলাকা থেকে ট্রলারটি আটক করে যুদ্ধজাহাজ বানৌজা বিষখালী।

রবিবার (৩ আগস্ট) বিকেল ৪টায় ‘এফবি পারমিতা’ নামের ওই ট্রলারসহ জেলেদের মোংলার দিগরাজ নৌঘাঁটিতে নিয়ে আসে নৌবাহিনীর একটি জাহাজ।

ট্রলারটিতে বিপুল পরিমাণ ইলিশসহ বিভিন্ন সামুদ্রিক মাছ পাওয়া গেছে, যা নিলামের মাধ্যমে বিক্রি করা হবে বলে জানিয়েছেন মোংলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জাহিদুল ইসলাম। আটক জেলেদের বাড়ি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ ২৪ পরগণা জেলায়।

এ বিষয়ে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, “আটক ভারতীয় জেলেদের বিরুদ্ধে সমুদ্রসীমা লঙ্ঘনের অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সোমবার সকালে তাদের বাগেরহাট আদালতে পাঠানো হবে।”

প্রসঙ্গত, এর আগেও একই এলাকায় গত ১৪ জুলাই নৌবাহিনী এফবি ঝড় ও এফবি মঙ্গলচ-ী নামের দুটি ভারতীয় ট্রলারসহ ৩৪ জন জেলেকে আটক করেছিল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ