নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম (নাটোর):
নাটোরের বনপাড়া মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খাদেমুল ইসলামের বিরুদ্ধে এক শিক্ষার্থীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। জানা গেছে, শনিবার (২ আগস্ট ২০২৫) ক্লাস চলাকালীন সময়ে পড়া না পারার অজুহাতে তিনি এক ছাত্রকে বেত্রাঘাত করেন।
মারধরের ঘটনাটি গোপনে একজন মোবাইল ফোনে ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। দ্রুতই সেই ভিডিওটি ভাইরাল হয় এবং বিভিন্ন সংবাদমাধ্যমে ছবিসহ প্রচারিত হয়। এতে স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, একজন শিক্ষকের শাসন অবশ্যই প্রয়োজনীয়, তবে সেটি যেন নির্যাতনের রূপ না নেয়, সে বিষয়েও সচেতন থাকা উচিত। একজন শিক্ষার্থীর প্রতি এ ধরনের অমানবিক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে তারা মন্তব্য করেন।
এদিকে অভিযোগ উঠেছে, ঘটনার পর স্কুল কর্তৃপক্ষ বিষয়টিকে ধামাচাপা দিতে নানা রকম চেষ্টা চালায় এবং ভিডিওটি মুছে ফেলার জন্য চাপ সৃষ্টি করে। তবে ইতোমধ্যেই ঘটনাটি তদন্তের দাবি জানিয়েছে অভিভাবক ও স্থানীয় সচেতন মহল।
এ বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ কিংবা অভিযুক্ত শিক্ষক খাদেমুল ইসলাম কোনো মন্তব্য করতে রাজি হননি। ঘটনা তদন্তে স্থানীয় প্রশাসন দ্রুত ব্যবস্থা নেবে বলে জানা গেছে।








