পথে প্রান্তরে ডিজিটাল ডেস্ক:
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হিসেবে তালিকাভুক্ত আটজনের গেজেট বাতিল করেছে। রোববার (৩ আগস্ট) মন্ত্রণালয়ের গেজেট অধিশাখা এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। তবে কেন তাদের নাম বাতিল করা হয়েছে, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।
গেজেট থেকে বাদ পড়া শহীদরা হলেন—টাঙ্গাইলের মো. খলিলুর রহমান তালুকদার (গেজেট নম্বর ২২৯), ঢাকার রামপুরার মুসলেহ উদ্দিন (গেজেট নম্বর ২২৪), নরসিংদীর জিন্নাহ মিয়া (গেজেট নম্বর ৩৭৫), ঢাকার দৌলতখানের শাহ জামান (গেজেট নম্বর ৬১১), সাভারের মো. রনি (গেজেট নম্বর ৭৬৬), নারায়ণগঞ্জের তাওহিদুল আলম জিসান (গেজেট নম্বর ৮১৮), পটুয়াখালীর বশির সরদার (গেজেট নম্বর ৮২৩) এবং শরীয়তপুরের বাঁধন (গেজেট নম্বর ৮৩৬)।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, “জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫” এবং “রুলস অব বিজনেস” অনুযায়ী এই গেজেট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে সরকার দুই ধাপে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের নামের তালিকা গেজেট আকারে প্রকাশ করে, যাতে মোট ৮৪৪ জনের নাম অন্তর্ভুক্ত ছিল। এসব গেজেটে শহীদদের নাম, গেজেট নম্বর, মেডিকেল কেস আইডি, পিতামাতার নাম, স্থায়ী ও বর্তমান ঠিকানা, জেলা এবং বিভাগ উল্লেখ করা হয়।
এদের পরিবারের জন্য এককালীন ৩০ লাখ টাকার আর্থিক অনুদান, সরকারি চাকরিতে অগ্রাধিকার ও পুনর্বাসনসহ বিভিন্ন সহায়তা কার্যক্রম চালু করেছে সরকার।








