পথে প্রান্তরে অনলাইন ডেস্ক:
নিউজিল্যান্ডের একটি আন্তঃনগর বাস থেকে লাগেজের ভেতর থাকা দুই বছর বয়সী এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক ২৭ বছর বয়সী নারীকে গ্রেফতার করা হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে জানানো হয়, ঘটনাটি ঘটে উত্তর নিউজিল্যান্ডের ছোট শহর কাইওয়াকার একটি বাস স্টেশনে। রোববার সেখানে এক নারী যাত্রী তার লাগেজ বাসে তুলতে বলেন।
পুলিশ জানায়, বাসচালক লাগেজটি সন্দেহজনকভাবে নড়াচড়া করতে দেখে সেটি খুলে ফেলেন। এরপরই ভেতর থেকে এক শিশু কন্যাকে উদ্ধার করা হয়। গরম লাগেজের ভেতরে থাকায় শিশুটি শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছিল। তবে গুরুতর কোনো ক্ষতির শঙ্কা নেই বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।
শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।
ঘটনার পর ওই নারীকে শিশু নির্যাতনের অভিযোগে গ্রেফতার করা হয়। তবে শিশুটির সঙ্গে তার কোনো পারিবারিক বা ব্যক্তিগত সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে এখনও কিছু জানায়নি কর্তৃপক্ষ।
ধৃত নারীকে সোমবার (স্থানীয় সময়) নিউজিল্যান্ডের নর্থ শোর জেলা আদালতে হাজির করা হয় বলে জানা যায়।








