পথে প্রান্তরে অনলাইন ডেস্ক:
বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) এম হারুন-উর-রশীদ, বীর প্রতীক সোমবার (৪ আগষ্ট) চট্টগ্রামে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ঘুমন্ত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
জানা গেছে, পারিবারিক এক অনুষ্ঠানে অংশ নিতে গতকাল ঢাকা থেকে চট্টগ্রামে আসেন তিনি। অনুষ্ঠান শেষে চট্টগ্রাম ক্লাবে রাত্রিযাপন করেন এবং সেখানেই আজ সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
১৯৪৮ সালের ১৫ ফেব্রুয়ারি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের কাটিরহাট গ্রামে জন্মগ্রহণ করেন এম হারুন-উর-রশীদ। কাকুলস্থ পাকিস্তান মিলিটারি একাডেমি থেকে প্রশিক্ষণ শেষে তিনি পাকিস্তান সেনাবাহিনীতে কমিশনপ্রাপ্ত হন এবং ১৯৭১ সালে চতুর্থ ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কর্মরত অবস্থায় মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন।
মহান মুক্তিযুদ্ধে অসামান্য সাহসিকতা ও অবদানের জন্য তাকে “বীর প্রতীক” খেতাবে ভূষিত করা হয়। ২০০০ সালের ২৪ ডিসেম্বর তিনি বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে নিয়োগপ্রাপ্ত হন এবং ২০০২ সালে অবসর গ্রহণ করেন।
অবসরের পর তিনি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ফিজিতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।








