স্টাফ রিপোর্টার, বনপাড়া (নাটোর):
নাটোরের বড়াইগ্রাম উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত বনপাড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ৪৮ নম্বর বনপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়টি চরম জলাবদ্ধতার সমস্যায় ভুগছে।
বিদ্যালয় সংলগ্ন বড়াইগ্রাম উপজেলা শিক্ষা অফিস ও উপজেলা রিসোর্স সেন্টার থাকায় এই এলাকাটি শিক্ষার কেন্দ্রবিন্দু হলেও অব্যবস্থাপনার কারণে শিশুদের শিক্ষা জীবন ব্যাহত হচ্ছে। বিদ্যালয় প্রাঙ্গণেই রয়েছে উপজেলা পর্যায়ের শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র, যেখানে বড়াইগ্রামের সকল শিক্ষক প্রশিক্ষণ গ্রহণ করে থাকেন।
স্থানীয়রা জানান, সামান্য বৃষ্টিতেই বিদ্যালয়ের মাঠে পানি জমে যায়। পুরো বর্ষাকালে জলাবদ্ধতা ও কাদায় পরিণত হয় পুরো মাঠ। এতে শিক্ষার্থীদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয়। হাঁটাচলা, খেলাধুলা ও স্কুলে যাতায়াতে শিশুরা বিপাকে পড়ছে। এ অবস্থায় কোমলমতি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করেছেন অভিভাবকরা।
বিদ্যালয় সংশ্লিষ্টরা জানান, দীর্ঘদিন ধরেই পানি নিষ্কাশনের কোনও কার্যকর ব্যবস্থা না থাকায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে।
এই অবস্থায় দ্রুত পানি নিষ্কাশন ব্যবস্থা গড়ে তোলা এবং মাঠের উপযুক্ত সংস্কারের দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন অভিভাবক ও স্থানীয় সচেতন মহল।








