,

ট্রেনে নাশকতার আশঙ্কা: রেলওয়ের সতর্কতা

পথে প্রান্তরে অনলাইন ডেস্ক:

বাংলাদেশ রেলওয়ে ট্রেনে নাশকতার আশঙ্কায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে এবং সন্দেহজনক কিছু দেখলে তাৎক্ষণিকভাবে রেল কর্তৃপক্ষকে জানাতে অনুরোধ করেছে।

সোমবার (৪ আগস্ট) রেল মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি দেশের বিভিন্ন রুটে একাধিক ট্রেন লাইনচ্যুত হয়ে দুর্ঘটনার শিকার হয়েছে। প্রাথমিক সতর্কতা ও তাৎক্ষণিক ব্যবস্থার ফলে বড় ধরনের জানমালের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। এসব দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পৃথক পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

রেলওয়ে কর্তৃপক্ষ আরও জানায়, সাম্প্রতিক কিছু ঘটনায় প্রতীয়মান হয় যে, রেল সংশ্লিষ্টদের বাইরে কতিপয় ব্যক্তি বা গোষ্ঠীর তৎপরতা রয়েছে, যা উদ্দেশ্যপ্রণোদিত এবং নাশকতার শামিল।

গত ৩ আগস্ট দিবাগত রাতে নাটোরের মাধনগরে রেললাইনে শিকল পেঁচিয়ে তালা লাগিয়ে রাখার ঘটনা ঘটে, যাতে চলমান ট্রেন লাইনচ্যুত হয়ে দুর্ঘটনায় পড়ে। রেলওয়ের লোকাল কি-ম্যান বিষয়টি লক্ষ করে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি থামিয়ে দেন। পরে শিকল অপসারণের পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। রেলওয়ে জানিয়েছে, এটি একটি সুচিন্তিত ও পরিকল্পিত নাশকতার চেষ্টা ছিল বলে সংশ্লিষ্টদের ধারণা।

বাংলাদেশ রেলওয়ে অনুরোধ করেছে, দেশের যেকোনো স্থানে রেললাইন ও আশপাশে সন্দেহজনক কিছু দেখলে, রেললাইনে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হলে বা কোনো দুর্ঘটনার আশঙ্কা দেখা দিলে দ্রুত রেল কর্তৃপক্ষ বা স্থানীয় প্রশাসনকে অবহিত করতে।

সন্দেহজনক পরিস্থিতিতে যোগাযোগের জন্য রেলওয়ের হটলাইন নম্বর ১৩১ এবং জরুরি সেবা নম্বর ৯৯৯ (টোল ফ্রি) চালু রয়েছে। তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলেও জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ