পথে প্রান্তরে অনলাইন ডেস্ক:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার (৫ আগস্ট) জাতির উদ্দেশ্যে একটি বিবৃতি দিয়েছেন। তারেক রহমান বলেন, এক বছর আগে ২০২৪ সালের আজকের দিনে পলাতক স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন, যা স্বাধীনতা ও গণতন্ত্রপ্রিয় জনগণের জন্য আনন্দ ও বিজয়ের দিন হিসেবে স্মরণীয়।
তিনি উল্লেখ করেন, একুশ শতকের বাংলাদেশে ফ্যাসিবাদী শাসনাবস্থা দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে মানুষের ওপর গুম, খুন, অপহরণ, নির্যাতনসহ গণতন্ত্র বিনাশের কাজ করেছিল। বিচার বিভাগ, নির্বাচন কমিশনসহ সকল সাংবিধানিক প্রতিষ্ঠান অকার্যকর করে ভোটাধিকার খর্ব করা হয়েছিল। দেশের অর্থনীতি ধ্বংসপ্রাপ্ত হয়েছিল এবং হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছিল।
তবে দেশের সকল শ্রেণিপেশার মানুষ ঐক্যবদ্ধ হয়ে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদ দমন করেছেন। এই গণঅভ্যুত্থানে দেড় হাজারের বেশি মানুষ শহীদ হয়েছেন এবং কমপক্ষে ৩০ হাজার মানুষ আহত হয়েছেন।
তারেক রহমান বলেন, “১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রাম ছিল স্বাধীনতা অর্জনের যুদ্ধ, আর ২০২৪ সালের গণঅভ্যুত্থান ছিল স্বাধীনতা রক্ষার যুদ্ধ। আমরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।”
তিনি আরও বলেন, শহীদদের প্রতি ঋণ পরিশোধের জন্য দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করে গণতান্ত্রিক, ইনসাফভিত্তিক একটি বাংলাদেশ গঠন করতে হবে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জনগণের প্রতি দায়বদ্ধ একটি সরকার প্রতিষ্ঠায় কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।
তারেক রহমান শেষাংশে বলেন, “ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্নমত থাকবে, যা গণতন্ত্রের সৌন্দর্য। তবে ভিন্নমত ফ্যাসিবাদ বা চরমপন্থার পুনরুত্থানের কারণ হয়ে দাঁড়াতে পারবে না। দেশের ভবিষ্যতের জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাই।”
তিনি আরও বলেন, ৫ আগস্ট বিশ্ব ইতিহাসেও নজিরবিহীন দিন, যখন গণভবন ছেড়ে ফ্যাসিস্ট পালিয়েছে, তবে তারা এখনো অনুতাপ প্রকাশ করেনি। জাতীয় ঐক্যের মাধ্যমে বাংলাদেশে আর কখনোই ফ্যাসিবাদ প্রতিষ্ঠা হবে না এবং গণতন্ত্র হত্যা করা হবে না বলেও আশ্বাস দেন তিনি।








