,

গণ অভ্যুত্থানের পর সাধারণ মানুষ নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছেন

ব্যুরো চীফ, বরিশাল:

চব্বিশের জুলাই-আগস্টের গণ অভ্যুত্থানের পর সাধারণ মানুষ নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছেন। দেশের মানুষের সেই স্বপ্ন পূরণে অনতিবিলম্বে নির্বাচনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান।

তিনি আরও বলেন, শুধু জুলাই নয়; গত ১৭ বছর ধরে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন সংগ্রামে যারা দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন, তাদের সব স্বপ্ন বাস্তবায়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কঠোর নির্দেশনা রয়েছে। জুলাই-আগস্টের গণ অভ্যুত্থানসহ বিগত ১৭ বছরে যারা গুম, খুন ও নিপীড়নের শিকার হয়েছেন, তাদের স্বপ্নের দেশ গড়ে তুলতেই বিএনপির লড়াই।

জুলাই-আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আজ মঙ্গলবার (৫ আগস্ট) সকাল বরিশালের আগৈলঝাড়া উপজেলা সদরের বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান আরও বলেন, “এক মাসে গণ অভ্যুত্থান হয়নি। দীর্ঘ ১৭ বছর ধরে এ আন্দোলন চলছে। আর আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তারেক রহমান।”

তিনি আরও বলেন, জনগণ এখন আর প্রতিশ্রুতি নয়; স্বপ্নের বাস্তবায়ন দেখতে চায়। আর এসব পরিকল্পনা বাস্তবায়নে নির্বাচনের কোনো বিকল্প নেই।

আগামী দিনে বিএনপি সরকার গঠিত হলে ফ্যাসিস্ট আওয়ামী রেজিমের গুম-খুনের শিকার সকল শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান, পরিবারের পুনর্বাসন এবং শহীদদের স্মৃতি ধরে রাখতে স্থাপনার নামকরণ করা হবে। পাশাপাশি শহীদদের আত্মত্যাগকে শ্রদ্ধার সাথে স্মরণ করে তাদের স্মৃতি জাতির সামনে তুলে ধরা হবে।

জুলাই-আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তির আলোচনা সভার শুরুতে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে আগৈলঝাড়া ও গৌরনদী উপজেলা, পৌর বিএনপি এবং তাদের সকল অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।

আলোচনা সভাটি আগৈলঝাড়া ও গৌরনদী উপজেলা, পৌর বিএনপি এবং তাদের সকল অঙ্গ সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন আগৈলঝাড়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. মাহাবুবুল ইসলাম। এছাড়া বক্তব্য রাখেন গৌরনদী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল আউয়াল লোকমান, সাবেক সহ সভাপতি আনোয়ার সাদাত তোতা, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. শাহে আলম ফকির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আবদুল মালেক আকন, আগৈলঝাড়া উপজেলা যুবদলের সভাপতি শোভন রহমান মনির, গৌরনদী উপজেলা যুবদলের সভাপতি মনির হাওলাদার, জেলা উত্তর যুবদলের যুগ্ম সম্পাদক রাশেদুল ইসলাম টিটন, বিএনপি নেতা আনোয়ার শাহ, আবু হানিফ বকতিয়ার, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি এসএম হীরাসহ অন্যান্যরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ