স্টাফ রিপোর্টার, পার্বত্যাঞ্চল:
রাঙ্গামাটিতে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে রাঙ্গামাটি জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার (৫ আগস্ট) জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ। এতে বক্তব্য রাখেন রাঙ্গামাটি পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, সিভিল সার্জন ডা. নূয়েন খীসা, সমাজসেবা উপ-পরিচালক মো. ওমর ফারুক, জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল আলিম, বিএনপি প্রতিনিধি মো. তারেক আহমেদ এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক বিপিন জ্যোতি চাকমা প্রমুখ। সভায় শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভার শুরুতে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে প্রধান উপদেষ্টার ধারণকৃত বক্তব্য প্রচার করা হয়। সভা শেষে জুলাই আন্দোলনে আহত সাহসী যোদ্ধাদের রাঙ্গামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। এর আগে রাঙ্গামাটির কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জুলাই স্মৃতিস্তম্ভে প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এদিকে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫’ উদযাপিত হয়েছে। মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আতিয়ার রহমান নবনির্মিত বিজয় স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে শহিদদের রুহের মাগফিরাত ও পঙ্গুত্ববরণকারীদের সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
পরে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ জুনাইদ কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আতিয়ার রহমান।








