লক্ষ্মীপুর প্রতিনিধি:
“জুলাই ডাক দিয়েছে—গুম, খুন চলবে না। জুলাই-আগস্ট ডাক দিয়েছে—ফ্যাসিস্টের বিচার হতে হবে, হাসিনার বিচার হতে হবে। দুইশ বছর লাগলেও শেখ হাসিনার বিচার করতে হবে।” —এমন মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
তিনি বলেন, “অন্তর্বর্তী সরকারের একটা বছর পার হয়েছে, আপনাদের ধন্যবাদ জানাই। কিন্তু বিচার প্রক্রিয়া আরও দ্রুত করতে হবে, দৃশ্যমান করতে হবে। হাসিনার বিরুদ্ধে দুইশর বেশি মামলা হয়েছে। অন্তত দুটি মামলার রায় হওয়া দরকার ছিল। হয়নি, এতে মনে কষ্ট পেয়েছি। দুইশ মামলার রায় হলে কত বছর জেল খাটতে হবে? এরপরও বাংলাদেশে ষড়যন্ত্র করে—দেশে বসেও করে, দেশের বাইরেও করে। হাসিনাকে বাংলাদেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না। ফ্যাসিস্টের কোনো স্থান বাংলাদেশে হবে না, ফ্যাসিবাদের শাসনও হবে না।”
মঙ্গলবার (৫ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জে সাবেক ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পালিয়ে যাওয়ার বর্ষপূর্তিতে আয়োজিত বিজয় র্যালির আগে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি আরও বলেন, “বিএনপির একটি আদর্শ আছে, অন্য রাজনৈতিক দলেরও আদর্শ আছে। আমি আমার আদর্শ নিয়ে মাঠে থাকবো। কিন্তু বৃহত্তর স্বার্থে ফ্যাসিস্টের বিরুদ্ধে, হাসিনার বিরুদ্ধে যারা মাঠে ছিলাম—সব রাজনৈতিক দলের মধ্যে সুদৃঢ় ঐক্য থাকবে, ইনশাআল্লাহ। এই ঐক্য ইস্পাত-কঠিন ও দৃঢ় ঐক্য। এই ঐক্যের মধ্য দিয়ে লক্ষ্মীপুরকে আমাদের মনের মতো করে গড়তে চাই। নতুন বাংলাদেশ হবে, নতুন লক্ষ্মীপুর হবে তারেক রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, ধানের শীষের নেতৃত্বে।”
তিনি বলেন, “আমরা আজ সবাই একত্রিত হয়েছি, ঐক্যবদ্ধ হয়েছি। এই ঐক্য কঠিন, এই ঐক্য ধরে রাখতে হবে। একটি গোষ্ঠী আমাদের এই ঐক্য বিনষ্ট করতে চায়, কিন্তু আমরা তা হতে দেবো না। কারণ ১৭ বছর ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই-সংগ্রাম করেছি। অত্যাচারিত হয়েছি, নির্যাতিত হয়েছি, গুমের শিকার হয়েছি, খুনের শিকার হয়েছি। এরপরও আমাদের বিজয় ও ত্যাগ কেউ কেড়ে নিতে পারবে না, কোনোদিন হতে দেবো না—ইনশাআল্লাহ।”
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, চন্দ্রগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক বেলাল হোসেন ও সদস্যসচিব আনোয়ার হোসেন বাচ্চু প্রমুখ।








