,

খাঁচা থেকে হরিণ উধাও

ব্যুরো চিফ, বরিশাল:

বরিশালের বাবুগঞ্জ উপজেলার ঐতিহাসিক ও দর্শনীয় স্থান দুর্গা সাগরের পাড় থেকে খাঁচাবন্দি একটি হরিণ নিখোঁজ হয়েছে। খাঁচায় থাকা ১৩টি হরিণের মধ্যে একটি হঠাৎ উধাও হয়ে যাওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঘটনার পর জেলা প্রশাসনের পক্ষ থেকে সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হলেও খাঁচার আশপাশের ক্যামেরাগুলো কাজ না করায় হরিণ নিখোঁজের কোনো সূত্র পাওয়া যায়নি। এ ঘটনায় দুর্গা সাগর দিঘির সমন্বয়কারী জাহাঙ্গীর হোসেন বরিশাল এয়ারপোর্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

তথ্যের সত্যতা নিশ্চিত করে ৫ আগস্ট দিবাগত রাতে বরিশাল জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল মতিন খান বলেন, খবর পেয়ে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হরিণ নিখোঁজের বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে বলেও তিনি জানান।

বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. ফারুক আহমেদ বলেন, হরিণ উধাও হওয়ার খবর পেয়ে তিনি জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং বিষয়টি তিনিও তদন্ত করছেন।

হরিণ পরিচর্যাকারী আশিক জানান, প্রতিদিনের মতো গত ৩ আগস্ট দিবাগত রাতে দুর্গা সাগরের নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা অলিউল হাওলাদার, জাহিদুর রহমান ও বশির শিকদার ডিউটি শেষ করে সকালে দায়িত্ব বুঝিয়ে দেন। পরে সকাল ১০টার দিকে তিনি দেখতে পান একটি হরিণ নেই। বিষয়টি তাৎক্ষণিকভাবে সমন্বয়কারী মো. জাহাঙ্গীর হোসেনকে জানানো হলে তিনি এসে নিশ্চিত হন যে খাঁচা তালাবদ্ধ থাকা সত্ত্বেও একটি হরিণ নিখোঁজ।

স্থানীয় বাসিন্দারা বলছেন, এটি গুরুতর নিরাপত্তা ঘাটতি বা দায়িত্বে অবহেলা। আবার কেউ কেউ এটিকে হরিণ চুরির ঘটনা বলেও সন্দেহ করছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ