ব্যুরো চিফ, বরিশাল:
গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে আনন্দ মিছিল ও সমাবেশের মধ্য দিয়ে বরিশালে সব দলের নেতাকর্মীদের মধ্যে দেখা গেছে নির্বাচনী শক্তির মহড়া।
বিএনপি একাধিক গ্রুপে বিভক্ত হয়ে পৃথক কর্মসূচি পালন করলেও জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা বৃষ্টিকে উপেক্ষা করে কর্মসূচি পালন করে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন।
এ অনুষ্ঠানকে ঘিরে ৫ আগস্ট সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বরিশাল-১ আসনের আগৈলঝাড়া ও গৌরনদী উপজেলায় উৎসবের আমেজ বিরাজ করেছে। প্রতিটি কর্মসূচিতে নেতাকর্মীদের উপস্থিতি ছিলো উপচে পড়া।
সকালে প্রচণ্ড তাপদাহ আর বিকেলে বৃষ্টির মধ্যে পৃথক আনন্দ মিছিল ও সমাবেশকে ঘিরে পুরো বরিশাল-১ আসনে ভিন্ন রকমের নির্বাচনী উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।
গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা এবং পৌর বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ত্রিধা বিভক্ত হয়ে পৃথক কর্মসূচিতে অংশ নিলেও উপস্থিতির কমতি ছিল না। এর মধ্যেই সকালে প্রচণ্ড গরমে কর্মসূচিতে অংশ নিতে গৌরনদীতে যাওয়ার পথে মিরাজ ফকির (৪৬) নামের এক বিএনপি নেতা হিটস্ট্রোকে মারা যান। তিনি আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন। এছাড়া তীব্র গরমে অসুস্থ হয়ে বিএনপির আরও ১২ জন কর্মী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন।
এক মাসে গণঅভ্যুত্থান হয়নি : ইঞ্জিনিয়ার সোবহান
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসনে মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আবদুস সোবহানের সমর্থনে ৫ আগস্ট বেলা ১১টায় আগৈলঝাড়া উপজেলা সদরে বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার কয়েক হাজার নেতাকর্মী বাদ্যযন্ত্র নিয়ে অংশ নেন। হিন্দু সম্প্রদায়সহ সর্বস্তরের নারী-পুরুষও এতে যোগ দেন।
আনন্দ মিছিল শেষে আগৈলঝাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে সমাবেশে ইঞ্জিনিয়ার সোবহান বলেন, “এক মাসে গণঅভ্যুত্থান হয়নি, এটি দীর্ঘ ১৭ বছরের আন্দোলনের ফল। প্রবাসে থেকেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন।”
তিনি আরও বলেন, “জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানসহ বিগত ১৭ বছরে যারা গুম, খুন ও নিপীড়নের শিকার হয়েছেন, তাদের স্বপ্নের দেশ গড়তেই বিএনপির লড়াই চলছে।”
সমাবেশে সভাপতিত্ব করেন আগৈলঝাড়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. মাহাবুবুল ইসলাম।
ঐক্যের বিকল্প নেই : কুদ্দুসুর রহমান
একইদিন বিকেলে বৃষ্টিকে উপেক্ষা করে আগৈলঝাড়া উপজেলা সদরের ভেগাই হালদার মাধ্যমিক বিদ্যালয় মাঠে গণসমাবেশ শেষে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়।
গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা আকন কুদ্দুসুর রহমান বলেন, “দীর্ঘ প্রায় দেড় যুগের ত্যাগ ও আন্দোলনের পর আমরা ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ পেয়েছি। স্বাধীন বাংলাদেশ রক্ষায় ইস্পাত কঠিন ঐক্যের বিকল্প নেই।”
সভায় সভাপতিত্ব করেন আগৈলঝাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এসএম আফজাল হোসেন।
হাসিনার পলায়নের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা : স্বপন
একইদিন সকালে গৌরনদী সরকারি কলেজ মসজিদ প্রাঙ্গণে বিজয় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন বলেন, “জনতার সংগ্রামের বিজয় এবং শেখ হাসিনার পলায়নের মধ্য দিয়ে আজকের নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা লাভ করেছে।”
সভায় সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব।
পরে দুই উপজেলার কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণে বিজয় মিছিল বের করা হয়।
জামায়াত ও ইসলামী আন্দোলনের কর্মসূচি
বিকেলে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে বিজয় মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বরিশাল-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা মো. কামরুল ইসলাম খান।
এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজনে বরিশাল-১ আসনের প্রার্থী রাসেল সরদার মেহেদীর নেতৃত্বে বিজয় মিছিল ও সভা অনুষ্ঠিত হয়।








