নেত্রকোনা প্রতিনিধি:
নেত্রকোনার কলমাকান্দায় বাকিতে চা না দেওয়ায় পুলিনুস দারিং (৪০) নামে এক দোকানিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে খারনৈ ইউনিয়নের গোবিন্দপুর বল মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত পুলিনুস উপজেলার খারনৈ ইউনিয়নের খানৈই গ্রামের বাসিন্দা এবং বল মাঠ এলাকায় একটি চায়ের দোকান চালাতেন। ওই দিন রাতেই নিহতের স্ত্রী অলিভিয়া চিসিম কমলকান্দা থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় গোবিন্দপুর গ্রামের মৃত খেলন রেমার ছেলে আইয়ুব মারাককে (৫০) একমাত্র আসামি করা হয়।
ঘটনার পর স্থানীয়রা আইয়ুবকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। পরে পুলিশ তাকে গ্রেপ্তার দেখায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আইয়ুব মারাক প্রায়ই পুলিনুসের দোকানে চা খেয়ে টাকা না দিয়ে চলে যেতেন। মঙ্গলবার দুপুরে তিনি দোকানে গেলে পুলিনুস তাকে জানান, আর বাকিতে চা দেওয়া হবে না। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আইয়ুব বাড়ি থেকে ছুরি এনে পুলিনুসকে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, “নিহতের স্ত্রীর দায়ের করা মামলায় আসামিকে গ্রেপ্তার দেখানো হয়েছে। দুপুরে তাকে নেত্রকোনা আদালতে পাঠানো হবে।”








