ব্যুরো চীফ, বরিশাল:
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার মেঘনা ও গজারিয়া নদীতে পৃথকভাবে গোসল করতে নেমে তিন শিশু শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। এর মধ্যে গজারিয়া নদী থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করা হলেও মেঘনা নদীতে নিখোঁজ রয়েছে আরও দুই শিশু।
ফায়ার সার্ভিসের ডুবুরি দল বুধবার (৬ আগস্ট) সকাল থেকে উদ্ধার অভিযান চালাচ্ছে। গজারিয়া নদীতে নিখোঁজ ছয় বছরের শিশু আবিদা ইসলামের মরদেহ উদ্ধার করা হয়। আবিদা ইসলাম উপজেলার চরএককরিয়া ইউনিয়নের কোলচর গ্রামের বাদশা দেওয়ানের মেয়ে এবং শান্তিরহাট ফোরকানিয়া মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্রী।
নিখোঁজ দুই শিশু হলো একই ইউনিয়নের উত্তর দাদপুরচর এলাকার আব্দুর রশীদ দেওয়ানের ছেলে ছয় বছরের তাহসিন দেওয়ান এবং শহিদ বিশ্বাসের ছেলে সাত বছরের রেজাউল করিম। তারা দুজনেই স্থানীয় কেরাতুল কোরআন মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী।
মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফখরুল ইসলাম জানান, ৫ আগস্ট বিকেলে এ মর্মান্তিক ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিখোঁজ দুই শিশুর সন্ধানে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।
বরিশাল ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. আলী আশরাফ জানান, ৯৯৯-এ ফোন পেয়ে বরিশাল থেকে ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালাচ্ছে।








