,

গৌরনদী হাসপাতালে দালালমুক্ত ও মানসম্মত সেবা নিশ্চিতের উদ্যোগ

ব্যুরো চীফ, বরিশাল:

প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বরিশালের গৌরনদী উপজেলা হাসপাতালের চিরাচরিত চিত্র পাল্টে দিয়ে নতুন করে ঢেলে সাজানোর কাজ শুরু হয়েছে। গণমানুষের আন্দোলনের প্রেক্ষিতে বিতর্কিত স্বাস্থ্য কর্মকর্তার বদলির পর নবাগত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা যোগদান করেই রোগীদের শতভাগ সেবা নিশ্চিতের লক্ষ্যে একগুচ্ছ পরিকল্পনা হাতে নিয়েছেন। এতে স্বাস্থ্যসেবা নিতে আসা রোগী ও স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, সদ্য যোগদানকারী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দায়িত্ব গ্রহণের পরপরই জনগণের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, শৃঙ্খলা প্রতিষ্ঠা ও কার্যকর নজরদারি নিশ্চিত করতে কয়েকটি গুরুত্বপূর্ণ ও বাস্তবভিত্তিক পদক্ষেপ গ্রহণ করেছেন।

দালাল নির্মূলে কাজ শুরু
হাসপাতালকে দালালমুক্ত করার জন্য বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকদের সাথে মতবিনিময় সভা করে সতর্ক বার্তা দেওয়া হয়েছে। সভায় তাদেরকে প্রতিষ্ঠানের লাইসেন্স নবায়ন, মানসম্মত সেবা নিশ্চিতকরণ এবং বেসরকারি পর্যায়ে স্বাস্থ্যসেবা প্রদানের সময় মানদণ্ড বজায় রাখার নির্দেশনা দেওয়া হয়।

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে নিরীক্ষা কমিটি
হাসপাতালের বহির্বিভাগ, আন্তঃবিভাগ, এক্স-রে, ল্যাবরেটরি, ইসিজি, আল্ট্রাসনোগ্রামসহ অন্যান্য সহায়ক সেবার মান নিশ্চিত করতে একটি নিরীক্ষা ও পর্যবেক্ষণ কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে প্রতিদিনের সেবা কার্যক্রম পর্যবেক্ষণ করে প্রতি সপ্তাহে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার নিকট প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ওষুধ প্রতিনিধিদের আচরণবিধি
হাসপাতাল অভ্যন্তরে অনেক সময় রোগীদের ব্যবস্থাপত্র নিয়ে ছবি তোলেন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা, যা রোগীদের জন্য বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করে। এ কারণে অফিস সময়ের মধ্যে চিকিৎসকদের সাথে সাক্ষাৎ ও যোগাযোগের জন্য নির্দিষ্ট বিধি নির্ধারণ করা হয়েছে এবং তা ওষুধ কোম্পানির প্রতিনিধিদের সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে।

পরিচ্ছন্নতা ও নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন
হাসপাতালের পরিচ্ছন্নতা বজায় রাখতে পৃথক তদারকি কমিটি গঠন করা হয়েছে। তারা নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পর্যবেক্ষণ করছে, ফলে আগের তুলনায় পরিবেশ অনেক উন্নত হয়েছে। পাশাপাশি অপ্রয়োজনীয় জনসমাগম নিয়ন্ত্রণ এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিতের জন্য ২৪ ঘণ্টা প্রহরী নিয়োগ করা হয়েছে।

স্থানীয় ওষুধ ব্যবসায়ীরা জানান, নবাগত স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহতা জারাব সালেহিন যোগদানের পর স্বাস্থ্যসেবার মানোন্নয়নে নেওয়া পদক্ষেপ ইতোমধ্যেই প্রশংসা কুড়িয়েছে। এই ধারা অব্যাহত থাকলে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সুনাম চারদিকে ছড়িয়ে পড়বে।

ডা. শাহতা জারাব সালেহিন বলেন, “গৌরনদী উপজেলায় আমার বাড়ি না হলেও এই উপজেলা আমার আবেগের জায়গা। এখানকার প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা আমার দায়িত্ব। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং প্রতিটি উপ-স্বাস্থ্য কেন্দ্রে সেবা নিতে গিয়ে কেউ যাতে হয়রানির শিকার না হয়, আমরা সেই লক্ষ্যে কাজ করছি।”

গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরি বলেন, “উপজেলাবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিতের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নবাগত স্বাস্থ্য কর্মকর্তাকে সর্বাত্মক সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ