পথে প্রান্তরে ডিজিটাল ডেস্ক:
২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে রোজা শুরুর আগে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিতে নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। এর মাধ্যমে নির্বাচন আয়োজনের জন্য সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হলো।
বুধবার (৬ আগস্ট) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।
তিনি জানান, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া প্রধান নির্বাচন কমিশনার বরাবর পাঠানো চিঠিতে উল্লিখিত সময়ে প্রত্যাশিত মানের অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর জাতীয় নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের অনুরোধ করেছেন।
এর আগে, মঙ্গলবার (৫ আগস্ট) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী বছরের ফেব্রুয়ারি মাসে রোজা শুরুর আগে জাতীয় নির্বাচন আয়োজনের জন্য ইসিকে চিঠি দেওয়ার ঘোষণা দেন। তারই ধারাবাহিকতায় আজ চিঠি পাঠায় প্রধান উপদেষ্টার কার্যালয়।
চিঠিতে প্রধান উপদেষ্টার ভাষণের উল্লেখ করে বলা হয়, বিগত ১৫ বছরে নাগরিকরা ভোটাধিকার থেকে বঞ্চিত হওয়ার প্রেক্ষাপটে আগামী নির্বাচন যেন মহা-আনন্দের ভোট উৎসব হিসেবে স্মরণীয় হয়, সে জন্য সব ধরনের প্রস্তুতি ও প্রাতিষ্ঠানিক আয়োজন শুরু করার নির্দেশনা দেওয়া হয়েছে।
এছাড়া, প্রধান উপদেষ্টা নির্বাচনকে আনন্দ-উৎসবমুখর, শান্তি-শৃঙ্খলাপূর্ণ, ভোটার উপস্থিতি সমৃদ্ধ, সৌহার্দ্য ও আন্তরিকতায় ভরপুর করে তুলতে চান বলে উল্লেখ করা হয়। নির্বাচন আয়োজনে উপযুক্ত প্রযুক্তি ব্যবহারের গুরুত্ব আরোপের পাশাপাশি সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।
চিঠির শেষে প্রধান উপদেষ্টার ঘোষণার ভিত্তিতে নির্ধারিত সময়ে জাতীয় নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানানো হয়।








