তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:
জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি ও স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনকে ‘বিজয় উৎসব’ হিসেবে উদযাপন করেছে মৌলভীবাজার জেলা বিএনপি। এ উপলক্ষে বুধবার (৬ আগস্ট) বিকেলে এক বিশাল আনন্দ শোভাযাত্রা ও সমাবেশের আয়োজন করা হয়। এটি বিগত দেড় দশকে এ জেলায় দলটির সবচেয়ে বড় জমায়েতে পরিণত হয়, যা সবার চোখে পড়ে।
বিকেল ৫টায় শহরের এসআর প্লাজার সামনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান বলেন, “আজ আমরা উদযাপন করছি স্বৈরাচারী হাসিনার পতনের এক বছর। তার সাড়ে পনেরো বছরের শাসনামলে সবচেয়ে বেশি অত্যাচারিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি।”
তিনি আরও বলেন, “ছাত্র-জনতা এবং বিএনপি’র সক্রিয় ভূমিকায় স্বৈরাচারকে বিতাড়িত করা সম্ভব হয়েছে। শেখ হাসিনা ভারতের দালাল হিসেবে সাড়ে পনেরো বছর এ দেশে রামরাজত্ব কায়েম করেছিল। ইনশাআল্লাহ আওয়ামী লীগের রাজনীতি আমরা ধীরে ধীরে শেষ করে দেব।”
আওয়ামী লীগকে ‘গুন্ডা-মাস্তান ও গুম-খুনের পার্টি’ আখ্যা দিয়ে নাসের রহমান অভিযোগ করেন, “চৌদ্দশ মানুষের মৃত্যু ও বিশ হাজার মানুষের আহত হওয়ার পর দেশের জনগণ তা বুঝতে পেরেছে। আর তাদের অপকর্মের নেত্রী ছিলেন গুন্ডাদের সদর দপ্তরের প্রধান।”
জুলাই গণঅভ্যুত্থানে নিহত ১৩৩টি শিশুসহ প্রায় চৌদ্দশ মানুষের আত্মার মাগফেরাত কামনা করে এবং আহতদের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, “আহতদের পাশে আমাদের নেতা তারেক রহমান সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। ইনশাআল্লাহ, আগামী ফেব্রুয়ারিতে বিএনপি ক্ষমতায় এলে তাদের সুস্থতার জন্য আরও বেশি সহযোগিতা করা হবে।”
জেলা বিএনপি’র আহ্বায়ক ফয়জুল করিম ময়ূনের সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুর রহিম রিপনের সঞ্চালনায় শোভাযাত্রা-পরবর্তী সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাজী মুজিবুর রহমান চৌধুরী, জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজান ও আলহাজ্ব আব্দুল মুকিতসহ জেলা ও উপজেলার অঙ্গ-সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ।
এর আগে বিকেল ৩টা থেকে মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে জেলার ৭টি উপজেলা ও ৫টি পৌরসভা থেকে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী ব্যানার-ফেস্টুন নিয়ে খণ্ড খণ্ড মিছিলসহ শোভাযাত্রায় অংশ নেন।
শোভাযাত্রার অগ্রভাগে থাকা কয়েকটি ভ্যানগাড়িতে বিএনপি’র প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান ও এম নাসের রহমানের বিশাল ছবি শোভা পায়। এছাড়া, গণঅভ্যুত্থানে শহীদ হওয়া ছয় শিশু—আব্দুল আহাদ, সাফয়াত সামির, রিয়া গোপ, জাবির ইব্রাহিম, রাকিব হাসান ও হোসেন মিয়ার ছবি সম্বলিত বিলবোর্ড সবার দৃষ্টি আকর্ষণ করে।
এই বিশাল সমাবেশকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আনন্দ, উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।








