পথে প্রান্তরে অনলাইন ডেস্ক:
প্রমত্তা পদ্মার পলিবিধৌত রাজশাহী মহানগরী দেশের অন্যতম পরিচ্ছন্ন নগরী হিসেবে সুপরিচিত। এই নগরীর নিরাপদ, সুশৃঙ্খল ও স্বাচ্ছন্দ্যময় যান চলাচল নিশ্চিত করতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ট্রাফিক বিভাগ পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান-এর দিকনির্দেশনায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

মহানগরীর গুরুত্বপূর্ণ মোড় ও সড়কে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি ট্রাফিক শৃঙ্খলা উন্নয়নে আরএমপি ট্রাফিক বিভাগ একাধিক উদ্যোগ নিয়েছে। এর মধ্যে রয়েছে—
- চালক ও যানবাহনের মালিকদের নিয়ে সচেতনতামূলক কর্মশালা
- সাহেব বাজার জিরো পয়েন্টে ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়নে স্থানীয় সিনিয়র সিটিজেন ফোরাম ও মার্কেট প্রতিনিধিদের সঙ্গে সভা ও পরিকল্পনা
- সাহেব বাজারে রোড ডিভাইডার স্থাপন ও হকারদের জন্য নির্ধারিত স্থান চিহ্নিতকরণ
- লাল ও সবুজ রঙের মাধ্যমে অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণ
- অটোরিকশা চালকদের প্রশিক্ষণ
- ট্রাফিক আইন ও সচেতনতামূলক বিষয়ে লিফলেট বিতরণ
- স্কুল ভিজিটিং কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করা
- “নো হেলমেট, নো ফুয়েল” কার্যক্রম
- বেপরোয়া বাইকারদের বিরুদ্ধে অভিযান ও শব্দদূষণ নিয়ন্ত্রণে ব্যবস্থা
- চেকপোস্ট পরিচালনা
- বিআরটিএ ম্যাজিস্ট্রেটের সঙ্গে যৌথ অভিযান
গত জুলাই (২০২৫) মাসে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ৮৭৩টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে—
- মোটরসাইকেল: ২৬৩টি
- অটোরিকশা: ৪৯৭টি
- ট্রাক: ৭৪টি
- প্রাইভেট কার: ২৬টি
- পিকআপ/জিপ: ১০টি
- সিএনজি: ২টি
- বাস: ১টি

ট্রাফিক বিভাগ শুধু যানবাহন নিয়ন্ত্রণেই নয়, সড়ক দুর্ঘটনায় আহতদের উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সম্প্রতি সড়ক দুর্ঘটনায় আহত ১০ জনকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে চিকিৎসা সহায়তা দিয়েছে তারা। এছাড়া, আইনশৃঙ্খলা রক্ষার অংশ হিসেবে ট্রাফিক পুলিশ চোর-ছিনতাইকারী গ্রেফতার, অবৈধ মালামাল উদ্ধারসহ নগরবাসীর নিরাপত্তায়ও অবদান রাখছে।

নগরবাসীর প্রতি অনুরোধ
ট্রাফিক আইন মেনে চলুন, প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখুন এবং ট্রাফিক পুলিশকে সহযোগিতা করুন। আপনার সচেতনতাই একটি নিরাপদ, শৃঙ্খল ও আধুনিক নগর গঠনে সহায়ক হবে।
যেকোনো তথ্য, সমস্যা বা আইনগত সেবা নিতে আরএমপির তথ্য ও সেবা কেন্দ্রের হটলাইন:
টেলিফোন: +৮৮০২৫৮৮৮০১৩৫১
মোবাইল: ০১৩২০০৬৩৯৯৯








