রাজু আহম্মেদ সরকার, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিরোধপূর্ণ জমিতে স্থাপনা নির্মাণ এবং বাদীকে প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। স্থানীয় প্রভাবশালী এক নেতার ছত্রছায়ায় এ নির্মাণ কার্যক্রম চলমান রয়েছে বলে অভিযোগ করেছেন মামলার বাদী মোছাঃ ছাহেরা খাতুন।
জানা যায়, উপজেলার কাচিনা ইউনিয়নের বাটাজোর মুচিরা মৌজার বিআরএস ১০৬০ খতিয়ানের ১১১২৭ নম্বর দাগে ২৫ শতক জমি নিয়ে মোছাঃ ছাহেরা খাতুন ও রিমা আক্তারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। বিষয়টি আদালতে গড়ালে আদালত উক্ত জমিতে নতুন করে কোনো নির্মাণকাজ না করার জন্য নিষেধাজ্ঞা জারি করেন।
বাদী ছাহেরা খাতুন অভিযোগ করেন, আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও প্রতিপক্ষরা নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন। স্থানীয় এক প্রভাবশালী রাজনৈতিক নেতা মিলনের মদদে আদালতের আদেশ অমান্য করে তারা কাজ অব্যাহত রেখেছেন। এ বিষয়ে প্রতিবাদ জানালে ছাহেরা খাতুন ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে তিনি অভিযোগ করেন। এতে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।
প্রতিপক্ষ রিমা আক্তারের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলে তার স্বামী আবদুল খালেক ফোনে কথা বলতে দেননি। ফলে রিমা আক্তারের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে অভিযুক্ত স্থানীয় নেতা মিলন বলেন, “বাদী ছাহেরা খাতুন আমার ফুফু। তিনি গত ৩০ বছর ধরে ওই জমি অবৈধভাবে দখল করে রেখেছেন। আদালতের নিষেধাজ্ঞার বিষয়ে আইনগতভাবে জবাব দেওয়া হবে। যেহেতু বিষয়টি আদালতে রয়েছে, সেহেতু আমরা আইনের পথেই এর মোকাবিলা করব।”
এ বিষয়ে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, “মোছাঃ ছাহেরা খাতুনের একটি লিখিত অভিযোগ পেয়েছি। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মাণকাজ চালানো হয়েছে কিনা, তা তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
বিষয়টি নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত আইনগত সমাধান আশা করছেন।








