ব্যুরো চীফ, বরিশাল:
উপকূলীয় শহরসমূহে পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে বরিশালের গৌরনদী পৌরসভা হলরুমে বৃহস্পতিবার দুপুরে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে এবং ই.পি.টি.আই.এস.এ, সি.ই.জি.আই.এস ও ও.সি.আর.ই.ই.ডি.এস এর যৌথ ব্যবস্থাপনায় “২২টি উপকূলীয় শহরের জন্য নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশনের সম্ভাব্যতা অধ্যয়ন ও বিস্তারিত প্রকৌশল নকশা” শীর্ষক এই কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন গৌরনদী পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি।
উল্লেখ্য, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলীয় শহরগুলোতে নিরাপদ পানি সরবরাহ, উন্নত স্যানিটেশন নিশ্চিতকরণ এবং জনগণের জীবনমান উন্নয়নে টেকসই ও কার্যকর পরিকল্পনা প্রণয়নই এই প্রকল্পের মূল লক্ষ্য।
কর্মশালায় বক্তারা গৌরনদী পৌরসভার অন্যতম বড় সমস্যা হিসেবে ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতা এবং যত্রতত্র বর্জ্য ফেলার কারণে পরিবেশ দূষণের বিষয়টি তুলে ধরে এর স্থায়ী সমাধানে গুরুত্বারোপ করেন।

কর্মশালায় বক্তব্য রাখেন ২২টি উপকূলীয় শহর প্রকল্পের সমাজ বিশেষজ্ঞ মো. ফজলুল হক, ওয়াশ প্রকল্পের আন্তর্জাতিক বিশেষজ্ঞ মেলিনা খানাল, গৌরনদী পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ হারুন-অর রশীদ, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, পৌর নির্বাহী প্রকৌশলী আব্দুস ছালেক, সহকারী প্রকৌশলী সেলিনা আক্তার, পৌর নাগরিক কমিটির সভাপতি ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাত হান্নান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর জামায়াতের আমীর হাফেজ মাওলানা মো. হাফিজুর রহমান, গৌরনদী প্রেসক্লাবের আহ্বায়ক খোন্দকার মনিরুজ্জামান মনির এবং ছাত্র প্রতিনিধি মোর্শেদ হাসান প্রমুখ।
কর্মশালায় পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, সামাজিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।








