জাহিদুল ইসলাম, দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর দুর্গাপুর উপজেলায় জেলা প্রশাসক আফিয়া আখতার বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে শিক্ষা, উন্নয়ন ও মানবিক কার্যক্রম সমন্বিত একটি দিনব্যাপী সফর সম্পন্ন করেন। সফরকালে তিনি লক্ষণখলসী সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ এবং উপজেলা কার্যালয় পরিদর্শন করেন।
উপজেলা পরিষদ প্রাঙ্গণে জেলা প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং অতিরিক্ত সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা শারমিন। পরে তিনি “জ্ঞানপিঁড়ি” নামক একটি পাঠাগারের উদ্বোধন করেন। এ সময় তিনি মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে এক অসহায় ভিক্ষুককে একটি দোকানঘর প্রদান করেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জেলা প্রশাসক বলেন, “আমরা নিয়মিতভাবে মাসে একবার বা পনেরো দিনে একবার বিভিন্ন উপজেলা পরিদর্শন করি। আপনাদেরও দায়িত্ব সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাজে আন্তরিকভাবে সহযোগিতা করা। টেকসই উন্নয়নের জন্য স্থানীয় প্রশাসন ও জনগণের যৌথ অংশগ্রহণ অত্যন্ত জরুরি।”
সফরকালে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হুদা, উপজেলা প্রকৌশলী মাসুক-ই-মোহাম্মদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দুলাল আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আ.ন.ম. রাকিবুল ইউসুফ, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন শাপলা, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সেলিনা খাতুন, এবং উপজেলা প্রকল্প কর্মকর্তা (পজীপ) সাইফুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
সফর শেষে উন্নয়ন প্রকল্প পরিদর্শনকালে জেলা প্রশাসক সন্তোষ প্রকাশ করেন এবং কর্মকর্তাদের আরও দায়িত্বশীলভাবে কাজ করার নির্দেশনা দেন।








