,

মহাসড়কে জুমার নামাজ আদায় করে স্বাস্থ্যখাত সংস্কারের দাবি আন্দোলনকারীদের

ব্যুরো চীফ, বরিশাল:

“এই মুহূর্তে দরকার সারাদেশের স্বাস্থ্যখাতের সংস্কার, এই মুহূর্তে দরকার বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল সংস্কার”—এই স্লোগানকে সামনে রেখে দ্বাদশ দিনের আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বরিশালের আন্দোলনকারীরা মহাসড়কের ওপর জুমার নামাজ আদায় করেছেন।

শুক্রবার বেলা ১১টার দিকে বরিশাল নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদের গোল চত্বরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন আন্দোলনকারী শিক্ষার্থী ও সাধারণ মানুষ। শান্তিপূর্ণ এই কর্মসূচিতে সর্বস্তরের জনসাধারণ অংশ নেন।

আন্দোলনের অন্যতম সংগঠক মহিউদ্দিন রনি অভিযোগ করে বলেন, বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে রোগী আনার পর প্রতিটি ধাপে হয়রানির শিকার হতে হয়। “টলি আনতে গেলে দিতে হয় ১০০ টাকা, নার্সদের ১০০ টাকা, সিস্টারদের ১০০ টাকা, আয়াদের ১০০ টাকা। রাত ১০টার পর হাসপাতালে কোনো বিশেষজ্ঞ ডাক্তার থাকেন না, জরুরি বিভাগেও একই অবস্থা। মাঝে মধ্যে ডাক্তার পাওয়া গেলেও তাদের অবহেলায় রোগী ও স্বজনরা সীমাহীন দুর্ভোগে পড়েন। মূলত ইন্টার্ন চিকিৎসকদের ওপর ভরসা করে চলছে দক্ষিণাঞ্চলের কোটি মানুষের স্বাস্থ্যসেবা।”

তিনি আরও বলেন, চিকিৎসকদের অবহেলায় প্রায়ই রোগীর প্রাণহানি ঘটছে। হাসপাতালের স্টাফদের অর্থ বাণিজ্যের কারণে রোগীর স্বজনদের পকেট খালি হয়ে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। এই অবস্থা দেশের প্রায় সব সরকারি হাসপাতালের। চিকিৎসার অবহেলা, অনিয়ম, টেস্ট ও টলি বাণিজ্য, দালালের উৎপাতসহ সকল দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে এবং সারাদেশে স্বাস্থ্যখাতের অব্যবস্থাপনার প্রতিবাদে এই আন্দোলন শুরু হয়েছে।

আন্দোলনকারীরা জানান, স্বাস্থ্যখাতে বৈষম্য চলবে না, সিন্ডিকেট ভাঙতে হবে এবং শেবাচিমে জনদুর্ভোগ বন্ধ করতে হবে। এসব দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনে বরিশালের বিভিন্ন কলেজের শিক্ষার্থী, ভুক্তভোগী রোগী, স্বজন ও সর্বস্তরের জনতা অংশ নেন। পূর্বঘোষণা অনুযায়ী, শুক্রবার ব্লকেড চলাকালে আন্দোলনকারীরা মহাসড়কের মাঝেই জুমার নামাজ আদায় করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ