,

মৌলভীবাজারে রুবেল নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজার শহরে ফয়জুর রহমান রুবেল (৪২) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে শমশেরনগর রোডের নিজ ব্যবসাপ্রতিষ্ঠান এম রহমান ট্রেডিং-এ এ হামলার ঘটনা ঘটে। ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করার পর হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।

নিহত রুবেল কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বাসিন্দা এবং সদাইপাতি মার্কেটের এফ রহমান ট্রেডিং-এর মালিক।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পর দোকানে একা ছিলেন রুবেল। এ সময় হঠাৎ ৩-৪ জন দুর্বৃত্ত দোকানে ঢুকে তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। তার চিৎকারে আশপাশের সিএনজি চালক ও স্থানীয় ব্যবসায়ীরা এগিয়ে এসে রুবেলকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, যেখানে রাতেই তিনি মারা যান।

ঘটনার পর স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। সদাইপাতি মার্কেটের সভাপতি ও অন্যান্য ব্যবসায়ীরা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।

মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল খায়ের জানান, ঘটনার পর থেকে পুলিশ তদন্তে নেমেছে। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। খুব শিগগিরই জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ