স্টাফ রিপোর্টার, পার্বত্যাঞ্চল:
গাজীপুরের সাহসী সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ আগস্ট) জুমার নামাজের পর শহরের বনরূপা পেট্রোল পাম্প চত্বরে সিএইচটি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আয়োজনে বক্তারা দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার এই সাহসী সাংবাদিককে নৃশংসভাবে জবাই করে হত্যার ঘটনায় জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বক্তারা বলেন, এ ধরনের ন্যাক্কারজনক হত্যাকাণ্ড সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তার জন্য বড় হুমকি। তারা তুহিন হত্যার তীব্র নিন্দা জানান এবং দ্রুত বিচারের দাবি করেন।
মানববন্ধনে একঝাঁক তরুণ সাংবাদিকসহ স্থানীয় সংবাদকর্মীরা অংশ নেন।








