শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সাংবাদিক তুহিন হত্যা: সিসিটিভিতে ধরা পড়ল খুনি চক্র, গ্রেপ্তার ৪

পথে প্রান্তরে অনলাইন ডেস্ক:

গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় স্বামী-স্ত্রীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৮ আগস্ট) রাতে গাজীপুর ও রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—মো. মিজান ওরফে কেটু মিজান, তার স্ত্রী গোলাপি, মো. স্বাধীন ও আল-আমিন। পুলিশ জানায়, তারা সকলে ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। স্থানীয় এক ব্যবসাপ্রতিষ্ঠানের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাদের শনাক্ত করা হয়।

এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর শহরের চৌরাস্তা এলাকায় পাঁচ-ছয়জন দুর্বৃত্ত সাংবাদিক তুহিনকে ধাওয়া করে। তিনি দৌড়ে ঈদগাহ মার্কেটের একটি চায়ের দোকানে আশ্রয় নিলে দুর্বৃত্তরা সেখানে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। নিহত তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ-এর গাজীপুর প্রতিনিধি ছিলেন।

হত্যাকাণ্ডের পর পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তিনটি দলে ভাগ হয়ে অভিযানে নামে। রাত আনুমানিক ১০টার দিকে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকা থেকে মিজান ও তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়। একই রাতে গাজীপুর শহরের পাশ থেকে স্বাধীন এবং রাজধানীর তুরাগ থানা এলাকা থেকে আল–আমিনকে আটক করে পুলিশ।

এ ঘটনায় নিহতের বড় ভাই সেলিম বাদী হয়ে শুক্রবার সকালে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ) তাহেরুল হক চৌহান জানান, “হত্যাকাণ্ডে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ