বৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সাংবাদিক হত্যায় গাইবান্ধায় তীব্র প্রতিবাদ

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার সাংবাদিকরা হুঁশিয়ারি দিয়ে বলেছেন—আর কোনো সাংবাদিক নিহত হওয়ার আগেই সারাদেশের সাংবাদিকদের ঐক্যবদ্ধ শক্তি দিয়ে দুর্বৃত্ত ও তাদের গডফাদারদের রুখে দেওয়া হবে। এ জন্য শুধু কলম বা ক্যামেরায় নয়, হাতে হাত রেখে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা। একইসাথে গাইবান্ধার আইন-শৃঙ্খলার অবনতিতেও উদ্বেগ প্রকাশ করেন বক্তারা।

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের প্রতিবাদ, হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গাইবান্ধা প্রেসক্লাবের আয়োজনে শনিবার (৯ আগষ্ট) দুপুরে ডিবি রোডে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি অমিতাভ দাশ হিমুনের সভাপতিত্বে মানববন্ধন ও সমাবেশে বক্তব্য দেন—প্রধান উপদেষ্টা কে.এম. রেজাউল হক, সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনা, সিনিয়র সহ-সভাপতি রেজাউন্নবী রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক মিলন খন্দকার, সাংগঠনিক সম্পাদক রজতকান্তি বর্মন, নির্বাহী সদস্য ফিরোজ কবির মিলন, খায়রুল ইসলাম, রিক্তু প্রসাদ, লাল চান বিশ্বাস, সময় টিভির এস.এম. বিপ্লব ইসলাম, প্রতিদিনের কাগজের প্রতিনিধি তৌহিদুর রহমান তুহিন, সাংবাদিক জান্নাতুল নাঈম ও শাহীন নূরী প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন গাইবান্ধা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাভেদ হোসেন।

বক্তারা সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন। পাশাপাশি, সারাদেশে সাংবাদিক নির্যাতন বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে সাংবাদিকদের বিশেষ নিরাপত্তা নিশ্চিতকরণ ও সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৭ আগষ্ট) রাত ৮টার দিকে ঢাকার গাজীপুরের চান্দনা চৌরাস্তায় চিহ্নিত সন্ত্রাসী ও ছিনতাইকারী দলের সদস্যরা সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ