তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারে ব্যবসায়ী শাহ ফয়জুর রহমান রুবেল হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ আগস্ট) দুপুরে মৌলভীবাজারের সর্বস্তরের ব্যবসায়ী, শমসেরনগর রোডের ব্যবসায়ী এবং সিএনজি চালকরা একত্র হয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন।
এসময় ব্যবসায়ী নেতারা অভিযোগ করে বলেন, হত্যার দুই দিন অতিবাহিত হলেও এখনো রুবেলের খুনিদের আটক করতে পারেনি পুলিশ। তারা বলেন, ব্যবসায়ীরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন। রুবেলের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়ার দাবি জানান তারা।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মো. হেলু মিয়া, বেলাল আহমদ, সাদত হোসেনসহ আরও অনেকে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৭টার দিকে শহরের শমসেরনগর রোডে অবস্থিত তার ব্যবসা প্রতিষ্ঠান ‘এফ রহমান ট্রেডিং’-এ ঢুকে দুর্বৃত্তরা নির্মমভাবে কুপিয়ে রুবেলকে আহত করে ফেলে যায়। পরে তাকে উদ্ধার করে প্রথমে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।








