বৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ঠাকুরগাঁও সদর হাসপাতালে ৩৫ কর্মচারী চাকরিচ্যুত, পুনঃনিয়োগের দাবি

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত ৩৫ জন কর্মচারী হঠাৎ চাকরিচ্যুত হওয়ায় ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন। এ ঘটনায় পুনঃনিয়োগের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন তারা।

শনিবার (৯ অক্টোবর) দুপুরে শহরের মানব কল্যাণ এ ‘বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ, ঠাকুরগাঁও’-এর ব্যানারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। লিখিত বক্তব্য পাঠ করেন চাকরিচ্যুত কর্মীদের পক্ষে সন্দীপ কুমার রায়।

লিখিত বক্তব্যে জানানো হয়, ২০২০-২১ অর্থবছর থেকে ওয়ার্ড বয়, ওটি বয়, সিকিউরিটি গার্ড, আয়া, বাবুর্চি, পরিচ্ছন্নতাকর্মী ও লিফট অপারেটর হিসেবে কর্মরত ৩৫ জন কর্মচারী করোনাকাল, ডেঙ্গু ও অন্যান্য দুর্যোগে জীবনের ঝুঁকি নিয়ে সেবা দিয়ে আসছিলেন। কিন্তু চলতি মাসের ৫ তারিখ থেকে হঠাৎ হাজিরা খাতা ও ডিউটি রোস্টার থেকে তাদের নাম বাদ দেওয়া হয়। চাকরিচ্যুতির কোনো লিখিত নোটিশও দেওয়া হয়নি।

তাদের অভিযোগ, কোনো তদন্ত বা ব্যাখ্যা শোনার সুযোগ না দিয়েই রাজনৈতিক অভিযোগের ভিত্তিতে ঠিকাদারি প্রতিষ্ঠান তাদের কর্ম থেকে বাদ দিয়েছে। নতুন নিয়োগে অভিজ্ঞ ও দক্ষ কর্মীদের উপেক্ষা করে অযোগ্য ও নবাগতদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। এছাড়া অনেকের বকেয়া বেতনও এখনও পরিশোধ করা হয়নি।

সংবাদ সম্মেলনে জেলা প্রশাসন, স্বাস্থ্য অধিদপ্তর, জনপ্রশাসন মন্ত্রণালয় ও বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসসহ সংশ্লিষ্টদের প্রতি বিষয়টি দ্রুত সমাধানের আহ্বান জানান চাকরিচ্যুত কর্মচারীরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ