ব্যুরো চিফ, বরিশাল:
জুলাই যোদ্ধাদের যথাযথ সম্মান জানাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ বলে জানিয়েছেন দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল-৫ (সদর) আসনের মনোনয়নপ্রত্যাশী আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।
শনিবার (৯ আগস্ট) বিকেলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে বিশ্ববিদ্যালয় ও পার্শ্ববর্তী এলাকাবাসীর আয়োজনে অনুষ্ঠিত ঐতিহাসিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে অবদান রাখা বীর জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে যারা জীবন ও রক্ত দিয়েছেন, তাদের যথাযথ সম্মান না দিলে ভবিষ্যতে কেউ গণতন্ত্রের জন্য জীবন বাজি রাখবে না। গণতন্ত্র টিকে না থাকলে কোনো রাষ্ট্র উন্নত হতে পারে না। সেই কারণেই জুলাই ২৪-এর ঐতিহাসিক ছাত্র-গণঅভ্যুত্থানে জীবন, রক্ত অথবা অন্যভাবে অবদান রাখা সবাইকে যথাযথ সম্মান জানাতে তারেক রহমান প্রতিজ্ঞাবদ্ধ।”
রহমাতুল্লাহ আরও বলেন, “দীর্ঘ ১৭ বছর গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তারেক রহমান নিরলসভাবে পরিশ্রম করেছেন, যার সমাপ্তি ঘটেছে জুলাইয়ের ঐতিহাসিক ছাত্র-গণঅভ্যুত্থানের মাধ্যমে। অথচ অন্তর্বর্তীকালীন সরকার গত এক বছরে নিহত, আহত ও অবদানকারীদের যথাযথ মূল্যায়ন করতে ব্যর্থ হয়েছে। এমনকি এদের সঠিক ও পূর্ণাঙ্গ তালিকাও প্রস্তুত করতে পারেনি।”
তিনি দুঃখ প্রকাশ করে বলেন, “এখনো বহু আহত জুলাই যোদ্ধা অর্থাভাবে চিকিৎসাবঞ্চিত অবস্থায় দিন কাটাচ্ছেন। এটি অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। সরকারের সদিচ্ছা থাকলেও অভিজ্ঞতার অভাবে তারা কাজটি সম্পূর্ণ করতে পারেনি। এছাড়া বিভিন্ন গোষ্ঠীর কু-পরামর্শ ও অনৈতিক চাপে সরকার জুলাই যোদ্ধাদের প্রাপ্য সম্মান দিতে ব্যর্থ হয়েছে।”
আহত জুলাই যোদ্ধা এসএম রহমাতুল্লাহ সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর বিএনপির সদস্য মো. জাহিদুর রহমান রিপন, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন টিটু, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারিক সুলাইমান, সদর উপজেলার চরকাউয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মামুন সরদার গণী, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আসিফ আল মামুন ও ইলিয়াস আহমেদ, মহানগর ছাত্রদলের সহ-সভাপতি ওবায়দুল হক উজ্জ্বল, যুগ্ম সাধারণ সম্পাদক হাজিক দাঈয়ান ইশতি, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সভাপতি রেজা শরীফ, বিএম কলেজ ছাত্রদল নেতা আকবর মুবীন প্রমুখ।








