তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে সাবেক ছাত্রদল নেতার গলাকাটা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার (৯ আগস্ট) সকালে কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের সিদ্ধেশ্বরপুর গ্রামে নিজ ঘর থেকে তার লাশ পাওয়া যায়।
নিহত আব্দুর রহিম রাফি (২৪) সিদ্ধেশ্বরপুর গ্রামের আব্দুস সাত্তার মিয়ার ছেলে ও মুন্সীবাজার ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জব্বারের ভাতিজা।
পরিবারের সূত্রে জানা যায়, সকালে রাফিকে অনেক ডাকাডাকি করেও ঘুম থেকে উঠতে না দেখে পরিবারের সদস্যরা দরজায় ডাকতে গেলে রক্তাক্ত অবস্থায় খাটের ওপর পড়ে থাকতে দেখেন। দ্রুত পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে মর্গে প্রেরণ করে। নিহত রাফি ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে পরিবার জানায়।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর জানান, লাশ উদ্ধার হয়েছে এবং ঘটনাটি তদন্তাধীন। নিহতের পরিবার থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।








