,

রাজধানীর নিউ মার্কেটে সেনা অভিযানে ১১০০ অস্ত্র উদ্ধার, ৯ গ্রেফতার

শাওন বণিক, স্টাফ রিপোর্টার:

রাজধানীর নিউ মার্কেটে সেনাবাহিনীর অভিযানে সামুরাই, চাপাতি, রামদাসহ প্রায় ১ হাজার ১০০ দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনটি দোকান থেকে অস্ত্র ব্যবসায় জড়িত ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (৯ আগস্ট) দিনব্যাপী অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়। সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিম আহমেদ রাত সাড়ে ১০টায় সোহরাওয়ার্দী হাসপাতাল সেনা ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, রাজধানীতে কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের কার্যক্রম বেড়ে যাওয়ায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। আগে গ্রেফতার হওয়া কয়েকজন সন্ত্রাসীর কাছ থেকে ‘সামুরাই’ ছুরিসহ বিভিন্ন ধারালো অস্ত্র উদ্ধার হয়েছিল। জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছিল, রাজধানীর একটি এলাকা থেকে এসব অস্ত্র ভাড়া বা বিক্রি করা হয়।

গত দুই দিন ধরে নিউ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন দোকান থেকে এমন অস্ত্র উদ্ধার করা হয়েছে, যেগুলোর কোনো গৃহস্থালি ব্যবহার নেই। বরং গত কয়েক মাসে এসব অস্ত্র দিয়ে একাধিক হত্যা, আহত, চাঁদাবাজি ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

উদ্ধারকৃত অস্ত্রগুলো গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। তারা যাচাই-বাছাই শেষে আইনগত ব্যবস্থা নেবে। এছাড়া ব্যবসায়ীদের সঙ্গে অপরাধীদের কোনো যোগসাজশ আছে কিনা, তা খতিয়ে দেখা হবে।

সেনা কর্মকর্তা নাজিম আহমেদ বলেন, “কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রোধে সবাইকে সহযোগিতা করতে হবে। আশপাশে কোনো অবৈধ অস্ত্রের ব্যবসা দেখলে নিকটস্থ সেনা ক্যাম্পে খবর দিন। ব্যবসায়ীদেরও অনুরোধ করছি, এ ধরনের ধারালো অস্ত্র বিক্রি করবেন না। এসব অস্ত্র সন্ত্রাসীদের হাতে পৌঁছে সাধারণ মানুষকে ক্ষতিগ্রস্ত করছে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ