পথে প্রান্তরে ডেস্ক রিপোর্ট:
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) গত ১৬ বছরের কার্যক্রম নিরীক্ষার নির্দেশ দিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত আয়-ব্যয়ের হিসাবসহ (প্লট ও ফ্ল্যাট হস্তান্তর, বরাদ্দ ইত্যাদি) সব কার্যক্রম এই নিরীক্ষার আওতায় থাকবে।
রোববার (১০ আগস্ট) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভ্যন্তরীণ নিরীক্ষা পরিদপ্তরের মাধ্যমে এ কার্যক্রম সম্পন্ন হবে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিরীক্ষা পরিদপ্তরের ‘অ্যালোকেশন অব ফাংশনস’, কর্মকর্তাদের ‘চার্টার অব ডিউটিস’ এবং গত ২৩ এপ্রিল অনুষ্ঠিত বাজেট ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এ নির্দেশনা দেওয়া হয়েছে।
এতে বলা হয়, অভ্যন্তরীণ নিরীক্ষা পরিদপ্তর নিরীক্ষা কার্যক্রমের জন্য পরিকল্পনা প্রণয়ন করবে এবং সেই মোতাবেক কাজ সম্পাদন করবে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ আইন ও সংশ্লিষ্ট বিধি-বিধানের সঙ্গে সামঞ্জস্য রেখে নিরীক্ষা পরিচালিত হবে।
নিরীক্ষা কার্যক্রম শুরুর আগে গঠিত নিরীক্ষা টিমের সদস্যদের বিস্তারিত তথ্য (নাম, পদবি, মোবাইল নম্বর ইত্যাদি) মন্ত্রণালয়ে পাঠাতে হবে। এছাড়া নিরীক্ষার অগ্রগতি সম্পর্কে রাজউককে অবহিত রাখতে হবে।
তিন মাসের মধ্যে নিরীক্ষা সম্পন্ন করে বিস্তারিত প্রতিবেদন মন্ত্রণালয়ের সচিবের কাছে দাখিল করতে হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।








