মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

বানারীপাড়া পৌরসভার সড়কের বেহাল দশা

ব্যুরো চীফ, বরিশাল:

বরিশালের বানারীপাড়া পৌর শহরের অধিকাংশ সড়ক গর্ত ও খানাখন্দে ভরে যানবাহন ও জনসাধারণের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে পৌরবাসী প্রতিনিয়ত চরম ভোগান্তি পোহাচ্ছেন। চলতি বর্ষা মৌসুমে এ দুর্ভোগ আরও বেড়েছে।

অভিযোগ রয়েছে, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে এক পশলা বৃষ্টি হলেই পৌর শহরের বিভিন্ন সড়কে পানি জমে যায়। এর ফলে শহরের এক থেকে নয় নম্বর ওয়ার্ডের অধিকাংশ সড়কের পিচ, পাথর ও খোয়া উঠে গিয়ে শত শত গভীর গর্তের সৃষ্টি হয়েছে। এসব গর্তে বৃষ্টির পানি জমে তা পরিণত হয়েছে মরণ ফাঁদে।

স্থানীয় ভুক্তভোগীরা জানান, হাসপাতালের সামনের সড়কের অবস্থা এতটাই খারাপ যে সুস্থ মানুষের চলাফেরাই কষ্টকর। সেখানে রোগীদের নিয়ে যাতায়াত সীমাহীন দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

অন্যদিকে, পৌর শহরের বানারীপাড়া সরকারি ইউনিয়ন ইনস্টিটিউশন পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠের মধ্যবর্তী সড়কের প্রধান গেট স্কুল চলাকালীন সময়সহ নানা কারণে বন্ধ থাকায় বাইপাস সড়কটি ছয় নম্বর ওয়ার্ড হয়ে বাসস্ট্যান্ড ও কলেজ মোড়গামী মানুষের জন্য দুর্বিষহ পরিস্থিতি তৈরি করেছে।

এছাড়া রাস্তা কেটে ড্রেন নির্মাণ এবং ব্যক্তিগত বাসা-বাড়ির পানির লাইন ড্রেনের সঙ্গে সংযুক্ত করার কারণে সড়কগুলো আরও ক্ষতিগ্রস্ত হয়ে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কগুলো সংস্কার না করায় এগুলো খানাখন্দে পরিণত হয়েছে। এসব সড়ক দিয়ে ইজিবাইক, প্রাইভেটকার, মাইক্রোবাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহন চলাচল করতে গিয়ে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। সড়কের বেহাল অবস্থার কারণে পায়ে হেঁটে চলাচল করাও কষ্টকর হয়ে পড়েছে।

এ বিষয়ে বানারীপাড়া পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মো. বায়েজিদুর রহমান বলেন, “পৌর এলাকার সড়কগুলোর চলমান সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের চেষ্টা অব্যাহত রয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ