সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

যে কারণে চারদিন পর চন্দ্রঘোনা ফেরি চালু

স্টাফ রিপোর্টার, পার্বত্যাঞ্চল:

টানা চারদিন বন্ধ থাকার পর রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা–রাইখালী নৌরুটে ফেরি চলাচল আবারও শুরু হয়েছে। সোমবার সকাল ৭টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

গত ৭ আগস্ট থেকে কর্ণফুলী নদীতে কাপ্তাই বাঁধ থেকে ছেড়ে দেওয়া পানির প্রবল স্রোতের কারণে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় সড়ক বিভাগ। নদীর স্রোত কমে আসায় ফেরি চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের প্রকৌশলী সবুজ চাকমা।

এদিকে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, বর্তমানে বাঁধের ১৬টি জলকপাট আড়াই ফুট খুলে সেকেন্ডে ৫০ হাজার কিউসেক পানি ছাড়া হচ্ছে। হ্রদের পানির স্তর রয়েছে ১০৭ দশমিক ৭ ফুট মীন সি লেভেল। এর আগে স্পিলওয়ে সাড়ে তিন ফুট খোলার ফলে সেকেন্ডে ৬৮ হাজার কিউসেক পানি ছাড়া হয়েছিল। বৃষ্টি না হলে আগামীকাল মঙ্গলবার জলকপাটগুলো বন্ধ করে দেওয়া হবে।

তিনি আরও জানান, বর্তমানে কেন্দ্রের পাঁচটি ইউনিট সচল রয়েছে এবং প্রতিদিন গড়ে ২২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। পূর্ণ সক্ষমতায় চালু হলে কেন্দ্রটি ২৩০ থেকে ২৪৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম।

ফেরি চলাচল চালু হওয়ার খবরে সোমবার সকাল থেকেই কর্ণফুলী নদীর দুই তীরে যানবাহনের ভিড় দেখা গেছে। এতে কাপ্তাই, রাঙামাটি, বান্দরবান, রাজস্থলী ও চট্টগ্রামের রাঙামুনিয়া উপজেলার বাসিন্দাদের মধ্যে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।

স্থানীয় অটোরিকশা চালক শাহ আলম বলেন, “গত ৪ দিন ফেরি চলাচল বন্ধ থাকায় আমরা চরম ভোগান্তিতে পড়েছি। আজ ফেরি চালু হওয়ায় স্বস্তি ফিরে এসেছে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ