পথে প্রান্তরে আন্তর্জাতিক ডেস্ক:
রাশিয়ার তেল কেনায় ভারতের ওপর আরোপিত শুল্ক মস্কোর অর্থনীতির জন্য বড় ধাক্কা বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (১২ আগস্ট) এ তথ্য জানায় ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
ট্রাম্প বলেন, রুশ তেল আমদানির কারণে ভারতের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত উচ্চ শুল্ক মস্কোর অর্থনীতিতে বড় প্রভাব ফেলেছে। তার দাবি, চলমান বৈশ্বিক চাপ ও বিভিন্ন দেশের ওপর মার্কিন শুল্ক রাশিয়ার অর্থনীতিকে মারাত্মকভাবে বিপর্যস্ত করেছে।
আগামী শুক্রবার আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে ট্রাম্পের। রুশ-ইউক্রেন যুদ্ধ বন্ধে মধ্যস্থতার উদ্দেশ্যে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকের আগে ট্রাম্পের এই মন্তব্যকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
হোয়াইট হাউস থেকে দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প বলেন, “আমার মনে হয়, রাশিয়াকে দেশ গঠনে ফিরে যেতে হবে। দেশটি বিশাল… রাশিয়ার ভালো করার প্রচুর সম্ভাবনা আছে। কিন্তু এখন তারা ভালো করছে না। তাদের অর্থনীতি ভালো অবস্থায় নেই, কারণ এসব কারণে তা ব্যাপকভাবে বিঘ্নিত হয়েছে।”
তিনি আরও বলেন, “যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তাদের সবচেয়ে বড় বা দ্বিতীয় বৃহত্তম তেল ক্রেতাকে বলে, ‘তুমি যদি রাশিয়া থেকে তেল কিনো, তবে তোমার ওপর আমরা ৫০ শতাংশ শুল্ক আরোপ করবো’—এটা বড় ধাক্কা।” মূলত ভারতের দিকেই ইঙ্গিত করেন তিনি।
ট্রাম্প দাবি করেন, “আর কেউ এত কঠোর হতো না, আর আমি এখানেই থামিনি।”
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র ভারত থেকে পণ্য আমদানির ওপর ২৫ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করেছে। এর সঙ্গে রুশ তেল কেনার ওপর আরও ২৫ শতাংশ শুল্ক যোগ হওয়ায় মোট শুল্ক দাঁড়িয়েছে ৫০ শতাংশে।
মার্কিন প্রেসিডেন্টের দাবি, তার আরোপিত শুল্ক শুধু রাজস্ব আনার ক্ষেত্রেই নয়, বরং পাঁচটি যুদ্ধ সমাধান করতেও সহায়তা করেছে, যার মধ্যে ভারত-পাকিস্তানের সামরিক সংঘাতও রয়েছে।
তিনি আরও হুঁশিয়ারি দেন, রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখলে ভারতের সঙ্গে কোনো বাণিজ্যিক আলোচনা করবে না যুক্তরাষ্ট্র।








