ব্যুরো চিফ, বরিশাল:
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় ভ্রাম্যমাণ আদালত এক মাদক ব্যবসায়ীকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।
দণ্ডপ্রাপ্ত রকিব বখতিয়ার (৪৩) উপজেলার বাগধা ইউনিয়নের উত্তর চাঁদত্রিশিরা গ্রামের মৃত আব্দুস সালাম বখতিয়ারের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গৌরনদী সার্কেলের সাব-ইন্সপেক্টর মো. ফাইজুল ইসলাম হৃদয় হাওলাদার জানান, সোমবার সন্ধ্যায় উত্তর চাঁদত্রিশিরা গ্রামে অভিযান চালিয়ে একশ’ গ্রাম গাঁজাসহ রকিব বখতিয়ারকে গ্রেপ্তার করা হয়।
পরে রাতে তাকে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লিখন বনিকের আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
আগৈলঝাড়া থানার ওসি মো. অলিউর রহমান জানান, দণ্ডপ্রাপ্ত রকিব বখতিয়ারকে মঙ্গলবার সকালে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।








