শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

দলীয় শৃঙ্খলাভঙ্গ : কুলাউড়ায় বিএনপি নেতাকে অব্যাহতি

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন খানকে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সব ধরনের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) সন্ধ্যায় কুলাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক রেদওয়ান খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদরুল হোসেন খান এবং যুগ্ম আহ্বায়ক আব্দুল জলিল জামালের স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়। চিঠির অনুলিপি জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবের কাছেও পাঠানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, গত ১১ আগস্ট সাখাওয়াত হোসেন খানকে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দিয়ে ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছিল। নির্ধারিত সময় পার হলেও তিনি কোনো জবাব না দেওয়ায় বরমচাল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি ও ওয়ার্ড কমিটির সদস্য পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়। পাশাপাশি আগামী ১৯ আগস্টের মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় তার বিরুদ্ধে আরও কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।

এদিকে, গত ১০ আগস্ট বিকেলে কুলাউড়া শহরের একটি রেস্টুরেন্টে বরমচাল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি আজমল আলী শাহ সেন্টুর উপস্থিতিতে বিএনপি নেতা সাখাওয়াত হোসেন খান কয়েকজন নেতাকে সঙ্গে নিয়ে সংবাদ সম্মেলন করেন। সেখানে তিনি বিএনপির বিরুদ্ধে মনগড়া অভিযোগ তুলে অপপ্রচার চালান, যা জেলা ও উপজেলা বিএনপির নজরে আসে।

তথ্যানুসন্ধানে জানা যায়, সাখাওয়াত হোসেন খান কয়েক লক্ষ টাকা নিয়ে স্থানীয় যুবলীগ নেতা আজমল আলী শাহ সেন্টুকে বরমচাল ইউনিয়ন বিএনপির ৭ নম্বর ওয়ার্ড কমিটিতে স্থান করে দেন। এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা প্রতিবাদ জানান। বিষয়টি বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত হলে জেলা বিএনপির নির্দেশে ওই যুবলীগ নেতাকে বহিষ্কার করা হয়। এরপর থেকেই সাখাওয়াত হোসেন খান টাকা ফেরতের ভয়ে দলীয় নেতাদের বিরুদ্ধে কুৎসা রটনা ও অপপ্রচারে লিপ্ত হন বলে অভিযোগ রয়েছে।

কুলাউড়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদরুল হোসেন খান বলেন, “দলের গঠনতন্ত্র অমান্য করে স্যোশাল মিডিয়ায় মনগড়া বক্তব্য দিয়ে বরমচাল ইউনিয়ন বিএনপির সম্মেলন ও কাউন্সিলকে বাধাগ্রস্ত করার কারণে সাখাওয়াত হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি জবাব না দেওয়ায় তাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ