ব্যুরো চীফ, বরিশাল:
বিউটি পার্লারে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে বাসায় আটকে রেখে এক গৃহবধূকে জোরপূর্বক অনৈতিক কাজে বাধ্য করার অভিযোগে দম্পতিসহ তিনজনকে ৮ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৭০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) বরিশালের মানবপাচার অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সোহেল আহমেদ এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি শাহানারা বেগম জেসমিন ও আকাশ রহমান পলাতক ছিলেন। আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—পটুয়াখালী পৌরসভার টাউন জৈনকাঠি এলাকার মোহাম্মদ আলী রানা (৪৫), তার স্ত্রী শাহানারা বেগম জেসমিন (৪০) এবং পিরোজপুরের টোনা গ্রামের আকাশ রহমান (৪৮)।
আদালতের বেঞ্চ সহকারী তুহিন মোল্লা জানান, বরিশাল নগরীর এক গৃহবধূ চাকরির সন্ধানে রানা ও জেসমিনের কাছে যান। তারা বিউটি পার্লারে চাকরি দেওয়ার কথা বলে তাকে নগরীর শ্রীনাথ চ্যাটার্জি লেনের বাসায় ডেকে নেন এবং সেখানে জিম্মি করে অনৈতিক কাজে বাধ্য করেন।
গোপন সংবাদের ভিত্তিতে ২০২০ সালের ২৮ সেপ্টেম্বর মহানগর গোয়েন্দা পুলিশ ওই বাসায় অভিযান চালিয়ে গৃহবধূসহ আরও দুই তরুণীকে উদ্ধার করে এবং রানা-জেসমিন দম্পতি ও সহযোগী আকাশ রহমানকে গ্রেপ্তার করে। পরদিন ভুক্তভোগী কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন। পরে জেসমিন ও আকাশ জামিনে মুক্তি পেয়ে আত্মগোপন করেন।
২০২১ সালের ৭ জানুয়ারি মহানগর গোয়েন্দা পুলিশের তৎকালীন এসআই মো. মহিউদ্দিন আহমেদ তিনজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সাক্ষ্যগ্রহণ শেষে আদালত দুটি ধারায় প্রত্যেককে ৮ বছর করে কারাদণ্ড, ৭০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের রায় ঘোষণা করেন।








