বৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

গাইবান্ধার সাদুল্লাপুরে হোটেলে নাস্তার বিল চাওয়ায় গুলি

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নাপিতের বাজার এলাকায় নাস্তার বিল ও আগের বকেয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে গোলাপ মিয়া (৩৬) নামে এক ব্যক্তির বিরুদ্ধে পিস্তল দিয়ে গুলি চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে হোটেল মালিকের ছেলে অসীম মিয়া (১৭) ও নারী কর্মচারী সেলিনা বেগম (৪২) আহত হয়েছেন।

বুধবার (১৩ আগস্ট) সকাল ১০টার দিকে খোর্দ্দকোমরপুর ইউনিয়নের নাপিতের বাজারে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত গোলাপ মিয়া সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের দক্ষিণ চক দারিয়া গ্রামের মৃত তয়েজ উদ্দিনের ছেলে। স্থানীয়দের ভাষ্য, তিনি দীর্ঘদিন ধরে মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত।

প্রত্যক্ষদর্শীরা জানান, নাপিতের বাজারের হোটেল ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিকের ছেলে অসীম প্রতিদিনের মতো কাজে ব্যস্ত ছিলেন। ওইদিন সকালে গোলাপ হোটেলে এসে নাস্তা শেষ করে বিল না দিয়ে চলে যেতে চাইলে অসীম তার কাছে নাস্তার মূল্য ও আগের বকেয়া টাকা চান। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে গোলাপ কোমরে থাকা পিস্তল বের করে অসীমকে লক্ষ্য করে পরপর তিনটি গুলি চালান।

গুলিবিদ্ধ হয়ে অসীম মাটিতে লুটিয়ে পড়লে তাকে উদ্ধার করতে এগিয়ে যান হোটেলের নারী কর্মচারী সেলিনা বেগম। তখন তাকেও লক্ষ্য করে গুলি চালান গোলাপ। গুলির শব্দে স্থানীয়রা ছুটে এলে গোলাপ দ্রুত স্থান ত্যাগ করেন। পরে আহতদের গাইবান্ধা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার বলেন, গোলাপকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঘটনার সময় তিনি পিস্তল, বন্দুক বা অন্য কোনো অস্ত্র ব্যবহার করেছেন কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে। এছাড়া তার রাজনৈতিক সম্পৃক্ততা সম্পর্কেও অনুসন্ধান চলছে।

এলাকাবাসীর অভিযোগ, গোলাপ আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় এবং সাবেক এমপি উম্মে কুলসুম স্মৃতির ঘনিষ্ঠ সহযোগী। সরকার পরিবর্তনের পরও তিনি প্রকাশ্যে ঘুরে বেড়িয়ে বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছেন।

এদিকে, ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। সাধারণ মানুষ দ্রুত গোলাপকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ