ব্যুরো চীফ,খুলনা:
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেল থেকে পালিয়ে যাওয়া আসামি ইউসুফ হাওলাদারকে (২৫) পুনরায় গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুর ১টার দিকে নগরীর আলমনগর এলাকা থেকে তাকে আটক করা হয়। খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার খোন্দকার হোসেন আহম্মদের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
গ্রেপ্তারকৃত ইউসুফ হাওলাদার নগরীর খালিশপুর থানার আলমনগর এলাকার মৃত শাহজাহান হাওলাদারের ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদক মামলায় গ্রেপ্তার হওয়ার পর ইউসুফ হাওলাদারের বুকে ব্যথা অনুভূত হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রথমে তাকে মেডিসিন ওয়ার্ডে ভর্তি এবং পরে প্রিজন সেলে রাখা হয়।
গত বৃহস্পতিবার (৭ আগস্ট) ভোরে ইউসুফ হাওলাদার হাসপাতালের প্রিজন সেল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় খালিশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত মামলার পাশাপাশি পুলিশ হেফাজত থেকে পালানোর অভিযোগে সোনাডাঙ্গা মডেল থানায় আরেকটি মামলা করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত ইউসুফ হাওলাদারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।








