,

জনবান্ধব এসিল্যান্ড রাজিব হোসেনের বদলি, সেবা প্রত্যাশীদের হতাশা

ব্যুরো চীফ, বরিশাল:

মাত্র ১১৭০ টাকায় একদিনে নামজারি সম্পন্ন করে বিরল দৃষ্টান্ত স্থাপন এবং সাত মাসে সাত হাজার নামজারি সম্পন্ন করে দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করা বরিশালের গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেনকে বদলি করা হয়েছে।

তার বদলির খবর প্রকাশিত হওয়ার পর উপজেলা জুড়ে সেবা প্রত্যাশীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। তবে ভূমি সেবা-কেন্দ্রিক দালালদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে।

বুধবার (১৩ আগস্ট) সকালে বিদায় নিয়ে রাজিব হোসেন নতুন কর্মস্থল ঢাকার বিভাগীয় কমিশনার কার্যালয়ে যোগদান করেন। গত তিন দিন ধরে সর্বস্তরের মানুষ তাকে বিদায়ী সংবর্ধনা দিয়েছেন। জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, অফিসার্স ক্লাব, ভূমি অফিস, থানা, সাংবাদিক সংগঠনসহ রাজনৈতিক, সামাজিক ও ছাত্র সংগঠন থেকে শুরু করে সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি।

২০২৪ সালের ৮ অক্টোবর গৌরনদীতে যোগদানের পর রাজিব হোসেন উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসগুলো দালালমুক্ত করেন এবং “সেবাকুঞ্জ” স্থাপন করে ক্র্যাশ প্রোগ্রামের আওতায় মাত্র ১১৭০ টাকায় একদিনে নামজারি কার্যক্রম চালু করেন। তার উদ্যোগে মাত্র সাত মাসে সাত হাজার নামজারি সম্পন্ন হয়, যেখানে আগে একটি নামজারি সম্পন্ন করতে বছরের পর বছর সময় লেগে যেত এবং সেবা প্রত্যাশীদের দালালদের কাছে মোটা অঙ্কের টাকা গুনতে হতো।

কর্মকালীন সময়ে তিনি সরকারি জমি উদ্ধার, রেকর্ড পরিমাণ রাজস্ব আদায়, বাজার মনিটরিং, বাল্যবিয়ে প্রতিরোধ, মাদকবিরোধী অভিযান ও অসাধু ক্লিনিক-ডায়াগনস্টিকের বিরুদ্ধে মোট ৩৪টি মোবাইল কোর্ট পরিচালনা করেন। স্বাধীনতার পর গৌরনদীতে প্রথমবারের মতো সরকারি খাল উদ্ধার ও খনন এবং বাসস্ট্যান্ড উন্নয়নে পরিকল্পনা গ্রহণ করেন।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতারা রাজিব হোসেনকে সৎ, নিষ্ঠাবান ও জনবান্ধব কর্মকর্তা হিসেবে আখ্যায়িত করেছেন এবং তার বদলিকে উপজেলাবাসীর জন্য বড় ক্ষতি বলে মনে করছেন।

রাজিব হোসেন বলেন, “সরকারি চাকরিতে বদলি একটি স্বাভাবিক প্রক্রিয়া। আমি গৌরনদীতে থাকাকালীন সর্বোচ্চ চেষ্টা করেছি মানুষের সেবা দেওয়ার। ভবিষ্যতেও যেখানেই থাকি সেখানকার মানুষের জন্য কাজ করব।”

গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা মৌরি বলেন, “সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন একজন দক্ষ কর্মকর্তা। দায়িত্ব পালনে তিনি সর্বদা আন্তরিক ছিলেন। ভবিষ্যতের জন্য তার প্রতি রইল শুভকামনা।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ