মো: আহসানুল কবির হিরো, ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহ সদর উপজেলার দড়িগোবিন্দপুর এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও তিনজন। বুধবার (১৩ আগস্ট) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—দড়িগোবিন্দপুর গ্রামের কোরবান আলীর ছেলে আরাফাত হোসেন (১৬) এবং একই গ্রামের ইমরান হোসেনের ছেলে শিহাব (১৬)। আরাফাত ঝিনাইদহ শহরের মল্লিক শহিদুল ইসলাম কারিগরি স্কুল অ্যান্ড কলেজের ছাত্র এবং শিহাব কাঞ্চননগর মডেল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র ছিলেন।
স্থানীয়রা জানান, রাত ৮টার দিকে শিহাব ও আরাফাত মোটরসাইকেলে করে বয়েরাতলা বাজারের দিকে যাচ্ছিলেন। পথে দড়িগোবিন্দপুর মৌরিবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে পাঁচজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে নেওয়ার পথে শিহাব এবং ঢাকায় নেওয়ার পথে আরাফাত মারা যান।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।








