,

ময়মনসিংহে একই দিনে নারী-শিশুসহ ৫ জনের মরদেহ উদ্ধার

ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহ সদর, ত্রিশাল, ভালুকা, নান্দাইল ও গফরগাঁওয়ে পৃথক ঘটনায় নারী ও শিশুসহ পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া শীতলক্ষ্যা নদীতে নৌকা থেকে পড়ে এক যুবক নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এসব ঘটনা ঘটে।

ঘটনাগুলোর মধ্যে রয়েছে—পানিতে ডুবে শিশুমৃত্যু, ভবন থেকে পড়ে নারীর মৃত্যু, আত্মহত্যা, দুর্ঘটনাজনিত শ্রমিক মৃত্যু এবং পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার।

ময়মনসিংহ সদর
বৃষ্টির সময় গোসলে নেমে পুকুরে ডুবে মারা গেছে আবু হুরায়রা (১১) নামে এক শিশু। সে নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের কোনাচিপাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে এবং স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি শিবিরুল ইসলাম।

একইদিন নগরীর ব্রাহ্মপল্লী রোডে অবস্থিত জারিফ হাসপাতালের ছয়তলার একটি ফ্ল্যাট থেকে ফরিদা ইয়াসমিন (৫০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১ নম্বর পুলিশ ফাঁড়ির এসআই আনিসুর রহমান জানান, ওই নারী ফ্ল্যাটে একাই থাকতেন, তার গ্রামের বাড়ি ময়মনসিংহ সদরের নিজকল্পা এলাকায়। স্বজনদের মতে, তিনি অসুস্থ ছিলেন এবং এ অবস্থায়ই মারা গেছেন।

ত্রিশাল
ত্রিশালে রতন চন্দ্র দাস (২৬) নামে এক পোশাক শ্রমিকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার কালীর বাজার রেললাইনের পাশ থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ত্রিশাল থানার ওসি মনসুর আহাম্মদ জানান, মৃতের শরীরে ট্রেন থেকে পড়ে যাওয়ার মতো আঘাতের চিহ্ন রয়েছে। তার পকেটে থাকা পরিচয়পত্র থেকে জানা গেছে, তিনি গাজীপুরের একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন।

ভালুকা
ভালুকায় তালগাছের ডাল কাটতে গিয়ে ফিরোজ মিয়া (৫৫) নামে এক শ্রমিক মারা গেছেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে কাচিনা গ্রামে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, তালগাছের ডাল কাটার সময় একটি ডাল তার মাথায় পড়ে তিনি গাছের ওপরই ঝুলে থাকেন। খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিস আধাঘণ্টার চেষ্টায় মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে।

নান্দাইল
নান্দাইলে বাঁশঝাড় থেকে আসমা খাতুন (৪৫) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে খারুয়া ইউনিয়নের হালিউড়া উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পারিবারিক সূত্রে জানা গেছে, আসমা খাতুন দীর্ঘদিন মানসিক সমস্যায় ভুগছিলেন এবং বুধবার রাতে নিজ ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন।

গফরগাঁও
গফরগাঁওয়ে নৌকা থেকে পড়ে সেলিম (৪২) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, ভালুকা থেকে ফরিদপুরের কেল্লা শাহের মাজারে যাওয়ার পথে শীতলক্ষ্যা নদীতে ট্রলার থেকে পড়ে দুইজন নিখোঁজ হন। এর মধ্যে একজনকে জীবিত উদ্ধার করা হলেও সেলিমের সন্ধান মেলেনি। গাজীপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল সন্ধান অব্যাহত রেখেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ