বুধবার, ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

পিতার অভিযোগে রাঙামাটিতে শিশুকন্যার বাল্যবিবাহ বন্ধ

(প্রতীকী ছবি)

রাঙামাটি প্রতিনিধি:

রাঙামাটির কাপ্তাই উপজেলার মুরগরি টিলা এলাকায় পিতার অভিযোগের ভিত্তিতে এক শিশুকন্যার বাল্যবিবাহ বন্ধ করেছেন কাপ্তাই উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা নেলী রুদ্র।

শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। বাল্যবিবাহ আয়োজনের দায়ে মেয়ের মাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং তার কাছ থেকে একটি মুচলেকা আদায় করা হয়।

কাপ্তাই থানা পুলিশ সূত্রে জানা গেছে, শিশুটির মা (৪৪) টাকার লোভে পড়ে তার অপ্রাপ্তবয়স্ক মেয়ের বিয়ে ঠিক করেন ওমানপ্রবাসী এক যুবকের সঙ্গে, যাকে মেয়ের সঙ্গে মোবাইল ফোনে পরিচয় করিয়ে দেওয়া হয়। বিয়ের প্রস্তুতি সম্পন্ন করা হয় এবং কন্যার হাতে মেহেদি লাগানো হয়। তবে বিয়ের পূর্ব মুহূর্তে পিতার পক্ষের অন্য এক নারী বিয়ের আয়োজন নিয়ে আপত্তি তোলেন এবং পিতা কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানায় খবর দেন।

অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা নেলী রুদ্র ও মহিলা বিষয়ক কর্মকর্তা রনি চাকমা ঘটনাস্থলে গিয়ে সত্যতা পান। মেয়ের মা স্বীকার করেন যে তারা বিয়ের প্রস্তুতি সম্পন্ন করেছিলেন। পরে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তারা বাল্যবিবাহ বন্ধ করেন।

মুচলেকায় উল্লেখ করা হয়, কন্যার বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে দেওয়া হবে না। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ